লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার নিয়ে কাদের সিদ্দিকী
সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্রও হতে পারে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ২২:৩৮ | আপডেট: ০১ আগস্ট ২০২৬ | ১৯:৪৭
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, তাঁর ভাই সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে হেফাজতে ইসলামের একটি মামলায় গ্রেপ্তারের ঘটনা সরকারকে বেকায়দায় ফেলতে ‘সুদূরপ্রসারী ষড়যন্ত্রের’ অংশও হতে পারে। তিনি বলেন, বিষয়টি পর্যবেক্ষণ করবেন। সরকারের সম্পৃক্ততা থাকলে সরকারের সঙ্গে কথা বলবেন, আর অন্য কোনো মহলের ষড়যন্ত্র হলে সেটির মোকাবিলা করবেন।
শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার নূরুর রহমান সেলিমের স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের সিদ্দিকী।
কাদের সিদ্দিকী বলেন, লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারের পর তাঁর নির্বাচনী এলাকার অনেক মানুষ প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। তবে তিনি এমন কোনো কর্মসূচির পক্ষে নন, যাতে দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয়।
তিনি বলেন, আগামী ১৬ আগস্ট মামলার পরবর্তী তারিখের পর বিষয়টি আরও স্পষ্ট হবে। এরপর যদি সরকারের সম্পৃক্ততা দেখতে পান, তাহলে সরকারের সঙ্গে আলোচনা করবেন। আর যদি এটি অন্য কোনো মহলের ষড়যন্ত্র হয়, তাহলে সেটির বিরুদ্ধে অবস্থান নেবেন।
সরকারপ্রধানের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, রাজনৈতিক বিরোধীদের দমন করা কোনো সরকারের নীতি হতে পারে না। ক্ষমতায় থাকা সরকারের দায়িত্ব নাগরিকের জানমাল ও সম্মান রক্ষা করা। রাজনৈতিক প্রতিপক্ষের জন্যও গণতান্ত্রিক পরিসর নিশ্চিত করা উচিত। তিনি বলেন, কারাবন্দী করে কাউকে নতিস্বীকার করানো সম্ভব নয়।
শেখ হাসিনার প্রসঙ্গ টেনে কাদের সিদ্দিকী বলেন, তিনি ব্যক্তিগতভাবে সাবেক প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজের রাজনৈতিক পিতা মনে করেন। তবে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিচার আইন অনুযায়ী হওয়া উচিত, প্রতিহিংসামূলক কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়।
বর্তমান সরকারের কিছু কর্মকাণ্ডের প্রশংসাও করেন কাদের সিদ্দিকী। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকা নিয়ে ইতিবাচক মন্তব্য করেন। তার ভাষ্য, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর তারেক রহমানের কর্মকাণ্ডে সমালোচনার মতো কিছু তিনি দেখেননি।
আওয়ামী লীগের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধ কোনো ব্যক্তি বা পরিবারের সম্পত্তি নয়; এটি বাংলাদেশের সব মানুষের। তাঁর মতে, মুক্তিযুদ্ধের চেতনা সব রাজনৈতিক শক্তির মধ্যে ছড়িয়ে দিতে না পারার প্রভাবই আজকের রাজনীতিতে দেখা যাচ্ছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, সাম্প্রতিক গণ-অভ্যুত্থানকে কোনো একক রাজনৈতিক শক্তির কৃতিত্ব হিসেবে দেখার সুযোগ নেই। তাঁর দাবি, এই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তির সম্মিলিত ভূমিকা ছিল।
- বিষয় :
- কাদের সিদ্দিকী
- সরকার
- ষড়যন্ত্র