যে ছবিগুলো ধরে রেখেছে একটি বছরের গল্প
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ২২:৫৪ | আপডেট: ৩১ জুলাই ২০২৬ | ২২:৫৫
একটি সংবাদ সময়ের সঙ্গে পুরোনো হয়ে যায়। কিন্তু একটি আলোকচিত্র অনেক সময় একটি যুগ, একটি সমাজ কিংবা একটি রাষ্ট্রের স্মৃতি বহন করে। ২০২৫ সালের বাংলাদেশের তেমনই কিছু মুহূর্ত এবার উঠে এসেছে ‘বাংলাদেশ প্রেস ফটো প্রদর্শনী ২০২৬’-এ।
রাজধানীর পান্থপথে দৃকপাঠ ভবনে শুক্রবার শুরু হয়েছে ১৩ দিনব্যাপী এ প্রদর্শনী। দৃক পিকচার লাইব্রেরির আয়োজিত প্রদর্শনীতে স্থান পেয়েছে সংবাদমাধ্যমের আলোকচিত্রীদের তোলা নির্বাচিত ৩২টি ছবি। রাজনীতি, জনজীবন, সংস্কৃতি, নারী, প্রকৃতি ও প্রান্তিক মানুষের জীবন-বিভিন্ন বিষয় উঠে এসেছে এসব ছবিতে।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোকচিত্রী শহিদুল আলম বলেন, ক্ষমতাসীনদের ইতিবাচক কর্মকাণ্ডের ছবি তুললে তা স্বাগত জানানো হয়, কিন্তু দমন-পীড়নের ছবি ধারণ করতে গেলে আলোকচিত্রীদের বাধার মুখে পড়তে হয়। তার মতে, আলোকচিত্র সাংবাদিকদের কাজের যথাযথ মূল্যায়ন এখনো নিশ্চিত হয়নি।
এবারের প্রতিযোগিতায় ‘পিকচার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে দৈনিক প্রথম আলোর ডেপুটি হেড অব ফটোগ্রাফি সাজিদ হোসেনের তোলা একটি ছবি। ২০২৫ সালে ধারণ করা ছবি আহ্বানের পর দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের ২০২ জন আলোকচিত্রী প্রায় ১ হাজার ৬০০ ছবি জমা দেন। সেখান থেকে বাছাই করে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয় ৩২টি ছবি।
জনমুখী সাংবাদিকতা ও রাজনীতি বিভাগে বিজয়ী হয়েছেন মো. মাজহারুল ইসলাম। এ বিভাগে বিশেষ সম্মাননা পেয়েছেন মো. মাহমুদ জামান। শিল্প, সংস্কৃতি ও ক্রীড়া বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন তানভীন তামিম। বিশেষ সম্মাননা পেয়েছেন আব্দুল গনি।
বর্ষসেরা আলোকচিত্রীর জন্য পুরস্কার রাখা হয়েছে এক লাখ টাকা। বিভাগীয় বিজয়ীরা পেয়েছেন ৫০ হাজার টাকা করে। বিশেষ সম্মাননাপ্রাপ্তরা পেয়েছেন ১০ হাজার টাকা করে। তাঁদের হাতে স্মারক ও সনদও তুলে দেওয়া হয়।
প্রদর্শনীর একটি বিশেষ আয়োজন ‘আদিবাসী জনগোষ্ঠী গ্র্যান্ট ২০২৬’। এবার এই গ্র্যান্ট পেয়েছেন বান্দরবানের আলোকচিত্রী মং হাই সিং মারমা। আর্থিক সহায়তার পাশাপাশি তিনি এক বছরের মেন্টরশিপ পাবেন এবং আগামী বছরের প্রদর্শনীতে তাঁর কাজ প্রদর্শনের সুযোগ থাকবে। এ ছাড়া গত বছরের গ্র্যান্টজয়ী জাজং নকরেকের কাজও স্থান পেয়েছে এবারের প্রদর্শনীতে।
প্রতিযোগিতার বিচারক ছিলেন বুদ্ধজ্যোতি চাকমা, দীনা হোসাইন, মুনির উজ জামান ও শহিদুল আলম। বিচারকদের পক্ষে বক্তব্য দিতে গিয়ে বুদ্ধজ্যোতি চাকমা বলেন, এবারের আয়োজনে আদিবাসী আলোকচিত্রীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল। পাশাপাশি ছবিগুলোতে নারীদের রাজনৈতিক উপস্থিতিও বিশেষভাবে ফুটে উঠেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার বিষয়টিও আলোচনায় আসে। গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান ও দ্য ডেইলি স্টার–এর কনসালটিং এডিটর কামাল আহমেদ স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
দৃকের জেনারেল ম্যানেজার এএসএম রেজাউর রহমান প্রদর্শনীর কিউরেশন করেছেন। তিনিই উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
আগামী ১২ আগস্ট পর্যন্ত চলবে ‘বাংলাদেশ প্রেস ফটো প্রদর্শনী ২০২৬’। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।
- বিষয় :
- আলোকচিত্র প্রদর্শনী