অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতির অভিযোগও তদন্ত হবে: দুদক সচিব
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ২০:০৫
জাতীয় সংসদে উত্থাপিত দুর্নীতির অভিযোগগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক) বলে জানিয়েছেন সংস্থাটির নতুন সচিব মো. সাইদুর রহমান খান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতিসহ সংসদে যেসব অভিযোগ এসেছে, সেগুলো নতুন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
রোববার যোগদান করার পর বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী, জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম উপস্থিত ছিলেন।
ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ২০২৫ সালের এক জরিপে বলা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের চেয়ে অন্তর্বর্তী সরকারের আমলে সেবা খাতে দুর্নীতির পরিমাণ ১০ শতাংশের বেশি বেড়েছে। ওই জরিপের তথ্য তুলে ধরে সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তের নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। সংসদে সাবেক আওয়ামী লীগ সরকারের আমলের মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি নিয়েও আলোচনা হয়।
এসব অভিযোগ তদন্তে অগ্রাধিকার দেওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে সাইদুর রহমান খান বলেন, জনপ্রতিনিধিদের পরামর্শ, বাস্তবতা, সরকারের কর্মপরিকল্পনা এবং নতুন কমিশনের দিকনির্দেশনার ভিত্তিতে দুদকের অগ্রাধিকার নির্ধারণ করা হবে।
দুদকের নতুন সচিব বলেন, দুর্নীতিবিরোধী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে দুদককে জনবান্ধব, কার্যকর ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করাই তার অগ্রাধিকার। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে দুর্নীতিকে নিয়ন্ত্রণে আনতে হবে। একই সঙ্গে অতীতের বিতর্ক থেকে বেরিয়ে এসে দুদককে একটি স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।
প্রায় পাঁচ মাস ধরে কমিশন না থাকায় দুদকের কার্যক্রমে স্থবিরতা এসেছে উল্লেখ করে তিনি বলেন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার আগেই প্রস্তুতিমূলক কাজ শেষ করা হবে। পরে বিশেষ কর্মসূচির মাধ্যমে জমে থাকা গুরুত্বপূর্ণ কাজ দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।
নতুন কমিশন কবে দায়িত্ব নেবে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন গঠনে সার্চ কমিটির কাজ প্রায় শেষ। সরকারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত নতুন কমিশন দায়িত্ব নেবে বলে তিনি আশা করছেন।
সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের দুবাইয়ের একটি আদালত থেকে মুক্তি পাওয়ার বিষয়ে দুদকের কাছে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন বলে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে দুদকের কোনো গাফিলতি ছিল না বলেও দাবি করেন তিনি।
দুদক জানায়, মো. সাইদুর রহমান খান বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। গত ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুদকের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের গ্রিনউইচ ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি।
- বিষয় :
- দুদক
- অন্তর্বর্তী সরকার
- দুর্নীতি