অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগ বঞ্চিতদের বিক্ষোভ
নিয়োগবঞ্চিত বিএনপিপন্থি আইনজীবীদের একাংশ বিক্ষোভ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ২১:১৪
উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগবঞ্চিত বিএনপিপন্থি আইনজীবীদের একাংশ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। আজ রোববার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন তারা।
‘ফ্যাসিস্ট, গুপ্ত, সুপ্ত ও সুশীলমুক্ত অ্যাটর্নি অফিস চাই’ স্লোগানকে সামনে রেখে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভে অংশ নেওয়া আইনজীবীরা অভিযোগ করেন, গত ১৫ বছর আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং বিগত সময়ে জেল-জুলুমের শিকার অনেক যোগ্য ও দক্ষ আইনজীবীকে নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের পরিবর্তে অর্থের বিনিময়ে এবং ‘গুপ্ত-সুপ্ত’ সুবিধাভোগীদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা। এ সময় তারা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
তাদের বক্তব্য, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, ত্যাগ ও পেশাগত দক্ষতাকে প্রাধান্য দেওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে তা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেন তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আইনজীবী শরীফ ইউ আহমেদ, মাসুদ রানা, আক্তার হোসেন, আইয়ূব আলী আশরাফী, আশিক নজরুল, মো. ইসা, এবিএম ইব্রাহীম খলিল, আনিসুর রহমান খান, জহিরুল ইসলাম সুমন ও আনোয়ারা শিখা প্রমুখ।
গত ৩০ জুলাই আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্বে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় সরকার।
আইন কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহবান
এদিকে, সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আজ রোববার সুপ্রিম কোর্টে নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের যোগদানের পর তিনি এ আহ্বান জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার যে উদ্দেশে রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। রাষ্ট্রের পক্ষে আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি।
- বিষয় :
- হাইকোর্ট
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল
- নিয়োগ
- বিক্ষোভ