ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্টে দুই মামলায় জামিন

আপাতত মুক্তি মিলছে না চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর

আপাতত মুক্তি মিলছে না চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর
×

চিন্ময় কৃষ্ণ দাস। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ২২:০৯

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রায় দেন। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত তিনি কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

হত্যাচেষ্টা এবং ভাঙচুর, হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে করা পৃথক দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে গত বছরের ১ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেছিলেন। রুলের ওপর ২৬ জুলাই শুনানি শেষে আদালত রোববার রায়ের জন্য দিন রাখেন। 

এদিন আদালতে চিন্ময়ের পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন শুনানি করেন।

পরে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, চিন্ময়ের বিরুদ্ধে মূলত ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার বিচার ট্রাইব্যুনালে চলছে। রাষ্ট্রদ্রোহের মামলায় তার জামিন স্থগিত হয়েছে। অপর চার মামলার মধ্যে দুটিতে জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট; অর্থাৎ দুই মামলায় তিনি জামিন পেলেন। বাকি দুই মামলায় জামিন প্রশ্নে রুল শুনানির জন্য ১৬ আগস্ট দিন ধার্য রয়েছে।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় ২০২৪ সালের ৩১ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাগারে আছেন।

আরও পড়ুন

×