আহ্সান উল্লাহ্ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি শুরু
আহ্সান উল্লাহ্ মাস্টার। ফাইল ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ০০:০৯ | আপডেট: ০৩ আগস্ট ২০২৬ | ০১:১১
আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা ও গাজীপুরের সাবেক এমপি আহ্সান উল্লাহ্ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ গতকাল রোববার দ্বিতীয় দিনের শুনানি শেষে আগামী ১১ আগস্ট পর্যন্ত শুনানি মুলতবি করেন।
এদিন আদালতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঁইয়া। তিনি বলেন, বর্তমানে আসামিপক্ষ পেপারবুক উপস্থাপন করেছে। শুনানি শেষে আদালত আগামী ১১ আগস্ট পর্যন্ত শুনানি মুলতবি করেন।
মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শ্রমিকনেতা আহ্সান উল্লাহ্ মাস্টার গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আহ্সান উল্লাহ্ মাস্টারকে।
এ ঘটনায় করা হত্যা মামলার রায় ২০০৫ সালের ১৬ এপ্রিল ঘোষণা করেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। রায়ে মামলার আসামি বিএনপির নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায়ের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন মারা যান। এরপর নিম্ন আদালতের রায়ের কপি ডেথ রেফারেন্স ও জেল আপিল হাইকোর্টে যায়।
একই সঙ্গে রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে ২০১৬ সালের ১৫ জুন হাইকোর্ট বেঞ্চ রায়ে ছয়জনের মৃত্যুদণ্ড এবং দুজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। এ ছাড়া সাতজনের সাজা কমানো হয় এবং ১১ জন খালাস পান। পরে দণ্ডিত আসামিরা আপিল করেন।