অডিট রিপোর্ট না দেওয়া দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ইসি সচিব
ইসি সচিব আখতার আহমেদ। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১৮:১৪ | আপডেট: ০৩ আগস্ট ২০২৬ | ১৮:৪৪
নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব (অডিট রিপোর্ট) জমা না দেওয়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)। শিগগিরই দলগুলোকে এ সংক্রান্ত নোটিশ পাঠানো হবে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ইসিতে বর্তমানে নিবন্ধিত ৫৯টি দলের মধ্যে একটির নিবন্ধন স্থগিত আছে। বাকি ৫৮টি দলের মধ্যে ৩৮টি তাদের অডিট রিপোর্ট জমা দিয়েছে। ১৩টি দল সময় বৃদ্ধির আবেদন করেছে। ৮টি দল কোনো সাড়া দেয়নি। যারা সাড়া দেয়নি, তাদের আইন অনুযায়ী নোটিশ দেওয়া হবে।
তিনি জানান, গত ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। যেহেতু ওইদিন শুক্রবার ছিল, তাই ২ আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল।
স্থানীয় সরকার নির্বাচন ও আইন সংশোধন নিয়ে ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন আইন সংশোধনের কিছু প্রস্তাব তৈরি করা হয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা স্পষ্ট করা, দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপি সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সুপারিশগুলো স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।
এই নির্বাচনের প্রস্তুতি ও সময়সীমা নিয়ে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতির তিনটি মূল ধাপ রয়েছে। আইন ও বিধিমালা সংশোধন, সরঞ্জামাদি কেনাকাটা এবং প্রশিক্ষণ। তপশিল ঘোষণা থেকে নির্বাচনের তারিখের মধ্যে সাধারণত ৪৫ দিনের ব্যবধান থাকে। এছাড়া ভোটার তালিকা চূড়ান্ত ও প্রিন্ট করতে আরও প্রায় দেড় মাস সময় লাগে। সব মিলিয়ে একটি নির্বাচনের জন্য প্রায় তিন মাসের একটি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন বা প্রস্তুতি সময় প্রয়োজন হয়। ইসি সেই প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছে।
ভোটার তালিকা চূড়ান্ত করার বিষয়ে আখতার আহমেদ বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে যাদের বয়স ১৮ হবে তাদের নিয়ে তালিকা করা হচ্ছে। নির্বাচনের সময় পিছিয়ে সম্পূরক ভোটার তালিকা করা যেতে পারে।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে অংশিজনের সঙ্গে সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে জানানো হয়েছে, ইতোমধ্যে বিভিন্ন বিধিমালা নিয়ে তাদের মতামত নেওয়া হয়েছে। বাড়তি কোনো সংলাপের বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই।
- বিষয় :
- ইসি সচিব
- নির্বাচন কমিশন