আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: ডা. জাহেদ উর রহমান
ডা. জাহেদ উর রহমান। ছবি: পিআইডি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১৫:৪১ | আপডেট: ০৪ আগস্ট ২০২৬ | ১৫:৫২
আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব শ্রমিকের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। অতীতে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে যেসব অনিয়ম ও হয়রানির অভিযোগ ছিল, সেগুলোর সমাধান করেই সরকার এবার কর্মী পাঠাতে চায়।
তিনি বলেন, ‘আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে। এ বিষয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বিস্তারিত জানিয়েছেন। আমি আবারও জানিয়ে রাখতে চাই, দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব শ্রমিকের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর।’
তিনি বলেন, বৈদেশিক কর্মসংস্থান দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকার একদিকে যেমন নতুন শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে, অন্যদিকে বিদেশগামী কর্মীদের নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করার উদ্যোগও গ্রহণ করেছে।
সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি জানান, ১ আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে। দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ উপকারভোগী পরিবার প্রতি মাসে প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পাচ্ছেন। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল—এই ছয় মাস কর্মসূচিটি চলবে। মূলত যেসব সময় গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সংকট দেখা দেয়, সেই সময়গুলোকে বিবেচনায় নিয়েই এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, সাধারণ চালের পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ ফোর্টিফায়েড চালও বিতরণ করা হচ্ছে। প্রায় ২৫ লাখের বেশি উপকারভোগী এই চাল পাচ্ছেন। এই চালে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান সংযোজন করা হয়েছে, যা দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেসব পরিবার আলাদাভাবে পুষ্টিকর খাদ্য সংগ্রহ করতে পারে না, তাদের জন্য এই উদ্যোগ বিশেষভাবে সহায়ক হবে।
ডা. জাহেদ উর রহমান জানান, খাদ্যবান্ধব কর্মসূচির পাশাপাশি সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্রে ওএমএস কার্যক্রম অব্যাহত রয়েছে। দোকান ও ট্রাকের মাধ্যমে নিয়মিত চাল ও আটা বিক্রি করা হচ্ছে, যাতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ স্বল্পমূল্যে খাদ্যশস্য সংগ্রহ করতে পারেন।
তিনি বলেন, সরকারের খাদ্য মজুত বর্তমানে সন্তোষজনক অবস্থায় রয়েছে। সরকারি গুদামে প্রায় ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। ফলে খাদ্য সরবরাহ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
জ্বালানি খাত প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সাম্প্রতিক গ্যাস পরিস্থিতি নিয়ে সরকার জনগণের উদ্বেগ সম্পর্কে অবগত রয়েছে। তিনি জানান, গ্যাস সংকটের কারণ ও সম্ভাব্য সময়কাল সম্পর্কে সরকার বিস্তারিত ব্যাখ্যা দেবে। পাশাপাশি জনগণকে সঠিক তথ্য জানাতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন।
গ্যাসের অতিরিক্ত বিল নিয়ে অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, কোনো গ্রাহকের অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগ থাকলে প্রথমেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো উচিত। অতীতেও এ ধরনের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, সংবাদ সম্মেলনে আসার আগে তিনি জ্বালানি মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। মন্ত্রণালয় অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে এবং যেসব ক্ষেত্রে অনিয়মের প্রমাণ মিলছে, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘অতিরিক্ত বিলের অভিযোগ ঢালাওভাবে না করে নির্দিষ্ট তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করুন। যদি কোথাও অভিযোগ গ্রহণ না করা হয়, সেটিও আমাদের জানান। জ্বালানি মন্ত্রণালয় আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখছে এবং আমরা আশা করি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও জানান, দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে সেতু কর্তৃপক্ষের উদ্যোগে যমুনা সেতু এলাকায় সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
রেলপথ খাতের অগ্রগতি তুলে ধরে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার দেশের যোগাযোগ অবকাঠামো সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ঢাকা থেকে সিলেট হয়ে জাফলং পর্যন্ত রেলপথ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং পর্যটন, বাণিজ্য ও আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, বর্ষা মৌসুমে প্রতিবছরের মতো এবারও কাঁচা মরিচের উৎপাদন কিছুটা ব্যাহত হওয়ায় বাজারে দাম বেড়েছে। একই সঙ্গে কিছু সবজির দামও বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমোদন দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই বাজারে সরবরাহ বাড়বে এবং কাঁচা মরিচসহ সংশ্লিষ্ট পণ্যের দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগ সম্পর্কে তথ্য উপদেষ্টা বলেন, পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যাগ উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)-এর অধীন বন্ধ কারখানাগুলো সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) পদ্ধতিতে পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, এসব শিল্পকারখানা দক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত হলে উৎপাদন বাড়বে, প্রতিষ্ঠানগুলো লাভজনক হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) পরিচালিত সিটি গভর্ন্যান্স প্রজেক্টের পারফরম্যান্সভিত্তিক মূল্যায়নে দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রথম স্থান অর্জন করেছে।
তিনি বলেন, এ ধরনের মূল্যায়ন ও প্রতিযোগিতা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও জনমুখী ও সেবামুখী হতে উৎসাহিত করবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগ তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, কৃষি ও গৃহকর্মে নিয়োজিত শ্রমিক ব্যতীত ব্যক্তি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত প্রাপ্তবয়স্ক অদক্ষ শ্রমিক ও তরুণ শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের খসড়া সুপারিশ গেজেট আকারে প্রকাশের জন্য পাঠানো হয়েছে।
তিনি বলেন, এতদিন এ শ্রেণির শ্রমিকদের মজুরি নির্ধারণে একটি সুস্পষ্ট কাঠামো ছিল না। সরকার সেই শূন্যতা দূর করে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রম প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে পরমাণু ও আইসোটোপ প্রযুক্তির ব্যবহার নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দেশের উপকূলীয় এলাকায় ভারী খনিজ ও অন্যান্য মূল্যবান খনিজ সম্পদের অবস্থান চিহ্নিত করতে গবেষণা ও তথ্য সংগ্রহের কাজ চলছে। এসব সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।
শিশু-কিশোর ও তরুণদের মাদক, সহিংসতা ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে তিনি জানান, পরিবেশবিধি লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গত সপ্তাহে ৮১টি মামলা দায়ের করা হয়েছে এবং চার লাখ ৯২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে বন্যপ্রাণী উদ্ধার, বনজ সম্পদ সংরক্ষণ এবং পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে মন্ত্রণালয় নিয়মিত অভিযান পরিচালনা করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, পুলিশ, র্যাব, কোস্টগার্ডসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিতভাবে তাদের দায়িত্ব পালন করছে। তিনি সাম্প্রতিক সময়ে আলোচিত এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনায় বাংলাদেশ কোস্টগার্ডের বক্তব্য তুলে ধরেন।
তিনি বলেন, ‘কোস্টগার্ড জানিয়েছে, মিরাজ শেখ নামে ওই ব্যক্তিকে তারা কখনো আটক বা হেফাজতে নেয়নি। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ইউনিটের অপারেশনাল রেকর্ড, টহল কার্যক্রম এবং অভ্যন্তরীণ অনুসন্ধান পর্যালোচনা করে বাহিনীর সম্পৃক্ততার কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগে উল্লেখিত সময়ে সংশ্লিষ্ট এলাকায় কোস্টগার্ডের কোনো অভিযানও পরিচালিত হয়নি বলে বাহিনী দাবি করেছে।’
তবে এ প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট করে ডা. জাহেদ উর রহমান বলেন, কোনো ব্যক্তি যে কারণেই নিখোঁজ হোন না কেন, তাকে খুঁজে বের করা সরকারের দায়িত্ব। একই সঙ্গে কোনো ব্যক্তি নিখোঁজ হলে তার কারণ উদ্ঘাটন এবং এ ঘটনায় কোনো বাহিনীর সম্পৃক্ততা আছে কি না—এসব প্রশ্নের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।
তিনি বলেন, একটি গণতান্ত্রিক সমাজে জবাবদিহি ও চেক অ্যান্ড ব্যালেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার এ ধরনের প্রশ্নকে ইতিবাচকভাবেই দেখে।
- বিষয় :
- মালয়েশিয়া
- শ্রমবাজার
- জাহেদ উর রহমান