ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চার পদে নতুন নিয়োগ
রুহুল কুদ্দুস, শাদমান সাদিকিন, শারমিন আক্তার ও সামসুদ্দোহা নাঈম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১৬:০৭
ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের (ইউসিএল) পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্যায়ে গুরুত্বপূর্ণ চারটি পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ৩২৮তম পরিচালনা পর্ষদের সভায় এসব নিয়োগ অনুমোদন করা হয়। এর মধ্যে রুহুল কুদ্দুস খানকে তিন বছরের জন্য পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বিদায়ী চেয়ারম্যান মাসুদ খানের পদত্যাগের পর ইউসিএলের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী রুহুল কুদ্দুস খানকে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। তাঁর এই নিয়োগ গত ২৮ জুলাই থেকে কার্যকর হয়েছে। রুহুল কুদ্দুস খান একই সঙ্গে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পরিচালনা পর্ষদ তাঁকে নতুন দায়িত্বে স্বাগত জানিয়ে প্রত্যাশা ব্যক্ত করেছে যে, তাঁর নেতৃত্ব ও কৌশলগত দিকনির্দেশনা ইউসিএলের ধারাবাহিক প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
চেয়ারম্যান পদের পাশাপাশি পর্ষদের এই সভায় আরও তিনটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। শাদমান সাদিকিনকে ইউসিএলের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর এবং শারমিন আক্তারকে কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছে পরিচালনা পর্ষদ। এছাড়া প্রয়োজনীয় বিধিবদ্ধ প্রক্রিয়া সম্পন্ন হওয়া সাপেক্ষে সামসুদ্দোহা নাঈমকে হেড অব ফাইন্যান্স হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
ইউসিএল জানিয়েছে, নতুন এসব নিয়োগের মাধ্যমে করপোরেট সুশাসন জোরদার, অভ্যন্তরীণ অভিজ্ঞতা ও দক্ষতার সর্বোত্তম ব্যবহার এবং প্রতিষ্ঠানজুড়ে কার্যকর নেতৃত্ব নিশ্চিত করার প্রতি তাদের অগ্রাধিকার প্রতিফলিত হয়েছে। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহির উচ্চ মান বজায় রেখে অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ইউনিলিভার