ত্বক ফর্সাকারী ৮ ক্রিমে অতিমাত্রার মার্কারি, ব্যবহার না করার আহ্বান বিএসটিআইয়ের
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ২০:১৪
দেশের বাজারে বিক্রি হওয়া আটটি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে বাংলাদেশ মানদণ্ডের চেয়ে বহু গুণ বেশি মাত্রায় ক্ষতিকর মার্কারি (পারদ) পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ কারণে এসব পণ্য বিক্রি, বিতরণ, মজুত ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, বাজার থেকে সংগ্রহ করা বিভিন্ন ত্বক ফর্সাকারী ক্রিম পরীক্ষাগারে পরীক্ষা করে এসব পণ্যে বিপজ্জনক মাত্রার মার্কারি শনাক্ত হয়েছে। বাংলাদেশ মান (বিডিএস ১৩৮২) অনুযায়ী প্রসাধনীতে মার্কারির সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা ১ পিপিএম। কিন্তু পরীক্ষায় আটটি পণ্যে এর চেয়ে বহু গুণ বেশি মার্কারি পাওয়া গেছে।
বিএসটিআইর তথ্যমতে, পাকিস্তানের এস জে এন্টারপ্রাইজের চাঁদনি হোয়াইটেনিং ক্রিমে ১২০ দশমিক ৩৯ পিপিএম, কিউসিআই কোম্পানির নিউ ফেস বিউটি ক্রিমে ৪৪ দশমিক ৭২ পিপিএম, লোয়া ইন্টারন্যাশনালের নাভিয়া বিউটি ক্রিমে ৫৯ দশমিক ৮২ পিপিএম এবং নাভিয়া হোয়াইটেনিং ক্রিমে ৭৯ দশমিক ৭০ পিপিএম মার্কারি পাওয়া গেছে।
এ ছাড়া পাকিস্তানের নুর এন্টারপ্রাইজের নুর হোয়াইটেনিং ক্রিমে ৮২ দশমিক ৭৬ পিপিএম, ক্রিয়েটিভ কসমেটিকসের ডিউ বিউটি ক্রিমে ১২৩ দশমিক ৩৭ পিপিএম, গৌরি কসমেটিকস প্রাইভেট লিমিটেডের গৌরি বিউটি ক্রিমে ৫৬ দশমিক ৯৩ পিপিএম এবং চীনের জিএলডিজেবি (হারবিন) কসমেটিকস কোম্পানির ন্যাচারাল পার্ল স্কিন ক্রিমে ৬৭ দশমিক ৪৯ পিপিএম মার্কারি শনাক্ত হয়েছে।
বিএসটিআই জানায়, এসব ত্বক ফর্সাকারী ক্রিম বৈধভাবে আমদানি করা হয় না। লাগেজ কিংবা বিভিন্ন অবৈধ পথে দেশে প্রবেশ করে বাজারে বিক্রি হওয়ায় এসব পণ্যের মান আগে যাচাই করার সুযোগ থাকে না। বাজার থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর এ ফল পাওয়া গেছে।
বিএসটিআইর মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই। ক্ষতিকর উপাদানযুক্ত প্রসাধনী উৎপাদন, আমদানি বা বাজারজাতকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাজার তদারকি, নমুনা সংগ্রহ, পরীক্ষাগারে পরীক্ষা এবং মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
ভোক্তাদের উদ্দেশে বিএসটিআই বলেছে, অজ্ঞাত বা অনুমোদনহীন ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহার থেকে বিরত থাকতে হবে। প্রসাধনী কেনার আগে বিএসটিআইয়ের অনুমোদন ও পণ্যের বৈধতা যাচাই করারও পরামর্শ দেওয়া হয়েছে। সন্দেহজনক কোনো পণ্য সম্পর্কে তথ্য থাকলে বিএসটিআইকে জানাতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বিএসটিআইর মতে, দীর্ঘদিন মার্কারিযুক্ত স্কিন ক্রিম ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যাওয়া, স্থায়ী দাগ, অ্যালার্জি, কিডনির ক্ষতি, স্নায়ুতন্ত্রের জটিলতা এবং গর্ভাবস্থায় অনাগত শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হওয়ার মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।