ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সরকারকে নিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে মেটা ও গুগলের সঙ্গে বৈঠক হবে

সরকারকে নিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে মেটা ও গুগলের সঙ্গে বৈঠক হবে
×

ফকির মাহবুব আনাম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ০৯:২৮ | আপডেট: ০৫ আগস্ট ২০২৬ | ০৯:৩৯

| প্রিন্ট সংস্করণ

সরকারকে নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা কনটেন্টের বিস্তার ঠেকাতে মেটা, গুগলসহ বিভিন্ন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে শিগগির বৈঠক করবে সরকার। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতার নামে ব্যক্তিগত হয়রানি, বুলিং ও চরিত্রহননমূলক কনটেন্ট কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার রাজধানীতে সাইবার সুরক্ষা এজেন্সি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করতে সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম (সিআইআরএস) এবং ন্যাশনাল আইসিটি অ্যান্ড সাইবার সিকিউরিটি রেটিং সিস্টেম (এনআরএস) উদ্বোধন করা হয়। একই সঙ্গে জাতীয় সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২৬-২০৩০-এর প্রাথমিক খসড়াও উপস্থাপন করা হয়।

মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সামাজিক মাধ্যমে মানহানিকর, বিভ্রান্তিকর ও চরিত্রহননমূলক কনটেন্টের কারণে অনেক মানুষ, বিশেষ করে তরুণ-তরুণীরা মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন। তাই বাক্‌স্বাধীনতার আড়ালে এ ধরনের অপব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। এ বিষয়ে সামাজিক মাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতিগত আলোচনা চলছে। সরকারকে নিয়ে মিথ্যা প্রচারণা ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রতিরোধে মেটা, গুগলসহ সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর প্রতিনিধিদের সঙ্গে শিগগিরই বৈঠক হবে বলেও জানান তিনি। 

প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, সাইবার নিরাপত্তা ও সামাজিক মাধ্যম ভিন্ন বিষয় হলেও একে অপরের সঙ্গে সম্পর্কিত। ভুয়া তথ্য, বিভ্রান্তিকর প্রচার, ট্রলিং ও ব্যক্তিগত হয়রানি এখন বড় চ্যালেঞ্জ। 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, নতুন সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম দেশের ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্ভাব্য সাইবার হুমকি সম্পর্কে আগাম সতর্কবার্তা দেওয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দ্রুত সমন্বয় গড়ে তুলতেও এটি কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×