কলকাতার বাংলাদেশ মিশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। ছবি-সমকাল
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ১৭:৪৫
কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর দ্বিতীয় বার্ষিকী। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মিশন।
কর্মসূচির শুরুতে ডেপুটি হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খালেদ। পরে মিশনের বাংলাদেশ গ্যালারিতে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে সোনালী ব্যাংক ও বিমান বাংলাদেশের কর্মকর্তারাও অংশ নেন।
আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। রাষ্ট্রপতির বাণী পাঠ করেন কনস্যুলার (রাজনৈতিক) মরিয়ম বেগম স্বর্ণা, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কনস্যুলার (এডুকেশন অ্যান্ড স্পোর্টস) সৈয়দ আসাফ রেজা, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (বাণিজ্যিক) সাবরিন চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন তৃতীয় সচিব (কনস্যুলার) মো. আরিফুর রহমান।
পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রেরিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানভিত্তিক কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কনস্যুলার (রাজনৈতিক) ও দূতালয়প্রধান আয়েশা আক্তার। আলোচনায় অংশ নেন প্রথম সচিব (কনস্যুলার) মোহাম্মদ জিল্লুর রহমান এবং সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রাশেদুজ্জামান রঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খালেদ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, এর ঐতিহাসিক গুরুত্ব এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে এর তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্বিতীয় সচিব (রাজনৈতিক) ও ভারপ্রাপ্ত প্রেস কর্মকর্তা মো. ওমর ফারুক আকন্দ।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। টানা আন্দোলনের মুখে ওই দিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর থেকে দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
- বিষয় :
- জুলাই গণঅভ্যুত্থান দিবস
- কলকাতা