ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: তথ্যমন্ত্রী
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ২২:৪২

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশপ্রেম, ন্যায়বিচার ও দায়িত্বশীল নেতৃত্বে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত মহান জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, উন্নত শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের সমন্বয়েই একটি সমৃদ্ধ, আধুনিক ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার ও দায়িত্বশীল নেতৃত্বের শিক্ষা দেয়। সেই চেতনাকে ধারণ করে রাষ্ট্র ও জাতি গঠনের প্রতিটি ক্ষেত্রে তরুণদের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের দীর্ঘদিনের ত্রুটিপূর্ণ ব্যবস্থার কারণে দেশের অনেক মেধাবী ও যোগ্য মানুষকে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হয়নি। এ সীমাবদ্ধতা দূর করে আগামী প্রজন্মের জন্য বৈষম্যহীন, মানবিক এবং সমান সুযোগ নিশ্চিতকারী বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সময়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, তারা শুধু শ্রেণিকক্ষের শিক্ষক নন, ভবিষ্যৎ প্রজন্মের পথপ্রদর্শকও। পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করার দায়িত্বও শিক্ষকদের পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরলে সরকার সেগুলো ইতিবাচকভাবে বিবেচনা করবে বলেও আশ্বাস দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

স্মরণসভায় আরও বক্তব্য দেন বুয়েটের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার।

বক্তারা তাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বুয়েটের শিক্ষক, কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×