সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. এ আর খান মারা গেছেন
সাবেক স্বাস্থ্য উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ডা. এ আর খান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ১২:৫৫
সাবেক স্বাস্থ্য উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ডা. এ আর খান মারা গেছেন। বুধবার রাতে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর ৬ মাস।
আজ বৃহস্পতিবার বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাঁকে দোহারের খালপাড় খানবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর মায়ের সংরক্ষিত ডায়েরি অনুযায়ী তাঁর জন্ম বঙ্গাব্দ ১৩৩২ সালে।
দীর্ঘ কর্মজীবনে ডা. এ আর খান বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেনানিবাসে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরের পরও দেশের স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণে সক্রিয় ভূমিকা রেখে যান।
জন্মস্থান দোহারে ডা. এ আর খান ফুলতলা বাজার এলাকায় পদ্মা কলেজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। একই এলাকায় আব্দুর রাজ্জাক হাসপাতাল, একটি ফাউন্ডেশন এবং নার্সদের প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করেন। ওড়িয়ল বিল এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে মা ও শিশু ক্লিনিক গড়ে তোলেন এবং দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় নিজেকে নিয়োজিত রাখেন। এছাড়া দারিদ্র্য দূরীকরণে ‘দাদুস’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা এবং শিশু-কিশোরদের মানসিক বিকাশে পার্ক ও খেলার মাঠ নির্মাণেও তিনি উদ্যোগী ছিলেন।
১৯৯৬ সালে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা (মন্ত্রী) হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন ডা. এ আর খান।
সমাজসেবা ও জনকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি মৌলানা আকরাম খান স্বর্ণপদক, স্যার সলিমুল্লাহ স্বর্ণপদক এবং ইব্রাহিম মেমোরিয়াল স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন।