ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

‘স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে যে পররাষ্ট্রনীতি চেয়েছিলাম, সরকার সেটাই করছে’

‘স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে যে পররাষ্ট্রনীতি চেয়েছিলাম, সরকার সেটাই করছে’
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ | ০২:২২

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে যে ধরনের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরে প্রত্যাশিত ছিল, বর্তমান সরকার সেই নীতিই অনুসরণ করছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ‘জুলাই কারাবন্দিদের মুক্তি দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

নুরুল হক নুর বলেন, সম্প্রতি একটি আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ যে ভাষায় প্রতিবাদ জানিয়েছে, দেশের ইতিহাসে কোনো বিদেশি রাষ্ট্রের ঘটনায় এ ধরনের অবস্থান আগে দেখা যায়নি। তাঁর দাবি, এটি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান নয়, বরং সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিফলন।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ভারতের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে তাদের গণমিছিল করা উচিত ছিল। কিন্তু তারা তা না করে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে ব্যস্ত। তাঁর অভিযোগ, দলটি মুখে মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতার কথা বললেও বাস্তবে ভিন্ন অবস্থান নেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান বলেন, জামায়াতে ইসলামী ও এনসিপির রাজনৈতিক পতন শুরু হয়েছে এবং ভবিষ্যতে তা আরও স্পষ্ট হবে।

রাশেদ খানের অভিযোগ, সম্প্রতি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিদেশি কূটনীতিকদের সামনে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, এ ঘটনায় কয়েকটি দেশের কূটনীতিক আতঙ্কিত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এবং রাষ্ট্রপতিকেও অপমান করা হয়।

তিনি আরও বলেন, সচিবালয় ঘেরাওয়ের মাধ্যমে রাষ্ট্রকে অচল করার চেষ্টা হয়েছে। তার ভাষ্য, গণ-অভ্যুত্থানের সময়ও সচিবালয় ঘেরাও হয়নি, অথচ এখন সেই পথ বেছে নেওয়া হচ্ছে।

এনসিপির সমালোচনা করে রাশেদ খান বলেন, অন্যের অবদান অস্বীকার করলে নিজের অবদানও মানুষ মনে রাখে না। এখন মানুষ এনসিপির অবদান নিয়েও আগ্রহ দেখাচ্ছে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের সভাপতি ও স্পেশাল প্রসিকিউটর (ডেপুটি অ্যাটর্নি জেনারেল) এস এম নুরে এরশাদ সিদ্দিকী। সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম (মমিন)। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে কারাবন্দী ব্যক্তিদের স্মৃতিচারণ এবং গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

×