ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬

জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: পর্যটনমন্ত্রী

জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: পর্যটনমন্ত্রী
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ২১:২৫

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ। সরকার একে ৬-৭ শতাংশে উন্নীত করতে চায়।

শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টারের (টিটিডিসি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ভ্রমণ, পর্যটন, বিমান চলাচল এবং আতিথেয়তা– এই চার খাতকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, গত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকার পর্যটন খাতের উন্নয়ন ও সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।

আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে সরকার কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে খাত সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

মন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন ও বিকাশে বেসরকারি খাতের অংশীজনের সমন্বিতভাবে এগিয়ে এসে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে সরকার নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় সমর্থন দিতে সব সময় প্রস্তুত। তিনি উপস্থিত পর্যটন খাতের নেতা ও সংশ্লিষ্ট বেসরকারি অংশীজনের দেশের পর্যটন উন্নয়নে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

আফরোজা খানম আশা প্রকাশ করে বলেন, পর্যটন খাতের সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন টিটিডিসির নির্বাহী কমিটির সদস্য শাহিদ হামিদ, কাজী ওয়াহিদুল আলম প্রমুখ। এতে সময় পর্যটন খাতের বিভিন্ন পর্যায়ের নেতা, সংশ্লিষ্ট অংশীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×