তরুণদের শক্তি রাষ্ট্র পুনর্গঠনে কাজে লাগানোর তাগিদ
পিপিআরসির সেমিনারে বক্তারা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ০৯:০০
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ গঠনে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য কার্যকর ও উৎপাদনশীল সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন বিভিন্ন পেশার তরুণরা। তাদের মতে, জুলাই-পরবর্তী সময়ে তরুণদের মধ্যে যে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা কাজে লাগাতে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরে তাদের সম্পৃক্ত করা জরুরি।
গতকাল শনিবার পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) আয়োজনে ‘অভ্যুত্থান-উত্তর বাংলাদেশে তারুণ্যের বহুমুখী সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, জুলাই-পরবর্তী সময়ে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটিই বাংলাদেশের বড় শক্তি। তবে এ শক্তি কাজে লাগাতে শুধু রাজনৈতিক বা রাষ্ট্রীয় পর্যায়ে সংস্কার করলেই হবে না; রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক পরিসরের পাশাপাশি তৃণমূল ও কমিউনিটি পর্যায়েও পরিবর্তনের কাজ করতে হবে।
তিনি বলেন, সংবিধান, রাষ্ট্রকাঠামো বা আইনব্যবস্থার বড় সংস্কারের পাশাপাশি ছোট ছোট প্রাতিষ্ঠানিক ও প্রক্রিয়াগত সংস্কারও জরুরি। শুধু শিক্ষা কমিশন গঠন করলেই শিক্ষার মান বদলাবে না; শিক্ষক নিয়োগ, শিক্ষার পরিবেশ ও প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রেও পরিবর্তন প্রয়োজন। একইভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্যব্যবস্থার শক্তিশালী স্তম্ভ হিসেবে গড়ে তুলতে হবে।
হোসেন জিল্লুর বলেন, প্রতিষ্ঠান সংস্কারের সঙ্গে ব্যক্তির আচরণ ও মূল্যবোধেও পরিবর্তন আনতে হবে। পরিবর্তনের উদ্যোগকে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিতে হবে। তরুণদের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে কাজে লাগাতে তাদের অবদান রাখার উপযুক্ত পরিবেশ ও সুযোগ তৈরি করাও জরুরি।
অলটারনেটিভসের ন্যাশনাল অর্গানাইজিং কমিটির সংগঠক তাজনূভা জাবীন বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ ফল হলো তরুণদের মধ্যে নতুন করে রাজনৈতিক আগ্রহ তৈরি হওয়া। চিকিৎসক, প্রকৌশলী কিংবা ব্যাংকারের মতো যোগ্য তরুণ পেশাজীবীদের রাজনীতি থেকে দূরে রাখার যে প্রথাগত প্রবণতা রয়েছে, তা ভাঙতে হবে।
ফসলের প্রধান নির্বাহী সাকিব হোসাইন কৃষি খাতে তথ্য ও প্রযুক্তির ঘাটতির কথা তুলে ধরেন। তাঁর মতে, কৃষকরা এখনও মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীল এবং তাদের উৎপাদিত পণ্য শেষ পর্যন্ত বাজারে পৌঁছাবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রযুক্তি প্রতিটি খাত বদলে দিলেও কৃষি খাতে সেই পরিবর্তন তুলনামূলক কম হওয়ায় তরুণদের নেতৃত্বে উদ্ভাবনী উদ্যোগ প্রয়োজন।
- বিষয় :
- তরুণ প্রজন্ম