হাইকোর্টের রায় আপিল বিভাগেও বহাল
সুনির্দিষ্ট মামলা ছাড়া বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি নয়
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ১৯:৩১
সুনির্দিষ্ট মামলা ছাড়া (এজাহারভুক্ত আসামি) সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা দুটি আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ আজ রোববার এ আদেশ দেন। ফলে সুনির্দিষ্ট মামলা ছাড়া বিচারপতি খায়রুল হককে আর গ্রেপ্তার ও হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া আদেশ শুধু তার ক্ষেত্রে বহাল থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
এর আগে গ্রেপ্তার দেখানোর বৈধতা নিয়ে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ মে হাইকোর্টের একটি বেঞ্চ এ বিষয়ে রুলসহ আদেশ দেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন ও লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করে রাষ্ট্রপক্ষ। আজ আপিল বিভাগে শুনানি হয়।
এদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী, ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান এবং আইনজীবী মাহবুব শফিক প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী।
আইনজীবী মাহবুব শফিক সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ না দিয়ে আপিল বিভাগ সরকারের আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন। ফলে হাইকোর্টের আদেশ বহাল আছে। অর্থাৎ সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেপ্তার দেখানো যাবে না এবং হয়রানি করা যাবে না।
তিনি বলেন, যাত্রাবাড়ী ও আদাবর থানার মামলা দুটিতে উনার জামিন হয়েছে। এই দুই মামলায় তিনি এজাহারভুক্ত আসামি নন। কিন্তু বনানী থানার মামলাতে তিনি এজাহারভুক্ত আসামি। এই মামলায় জামিন পেলে তার কারামুক্তিতে বাঁধা থাকবে না।
জুলাই গণঅভ্যুত্থানের সময়ে সংঘটিত দুটি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গত ১২ মে সাবেক প্রধানবিচারপতি খায়রুল হক হাইকোর্টে জামিন পান। আদেশের পরে তার আইনজীবীরা জানিয়েছিলেন, সব মামলায় জামিন হওয়ায় আপাতত খায়রুল হকের কারামুক্তিতে আইনি বাধা নেই। তবে রাষ্ট্রপক্ষ সেই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুদকের করা পাঁচ মামলাসহ সাত মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগ।
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হক গ্রেপ্তার করা হয়। পরে তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
- বিষয় :
- হাইকোর্ট
- আপিল বিভাগ
- এবিএম খায়রুল হক