ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতায় ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড’, আবেদন শেষ ১০ সেপ্টেম্বর

জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতায় ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড’, আবেদন শেষ ১০ সেপ্টেম্বর
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ২১:১৭

জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা, সৃজনশীল নাটক ও বিজ্ঞাপনকে স্বীকৃতি দিতে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। সমতা, মানবিক মর্যাদা ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখা সাংবাদিকতা ও সৃজনশীল কনটেন্টকে এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হবে।

নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট যৌথভাবে এ আয়োজন করছে।

আয়োজকেরা জানিয়েছেন, ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের উদ্যোগে গত বছর আয়োজিত গণমাধ্যম পুরস্কারের ধারাবাহিকতায় এবার আরও বিস্তৃত পরিসরে এ পুরস্কার দেওয়া হচ্ছে। জেন্ডার-সংবেদনশীল ও সামাজিকভাবে দায়িত্বশীল সাংবাদিকতা এবং সৃজনশীল কনটেন্টকে উৎসাহিত করাই এ আয়োজনের উদ্দেশ্য।

এবার মোট আটটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। বিভাগগুলো হলো- সংবাদপত্র প্রতিবেদন (স্থানীয় ও জাতীয়), টেলিভিশন প্রতিবেদন, অনলাইন নিউজ পোর্টাল, বিনোদন প্রতিবেদন (স্থানীয় ও জাতীয়), বিনোদন কনটেন্ট (নাটক) এবং বিজ্ঞাপন (টিভিসি, ওভিসি ও সামাজিক যোগাযোগমাধ্যম)।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, গণমাধ্যম ও সৃজনশীল কনটেন্টে যুব, নারী, পুরুষ, প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসীসহ বিভিন্ন জনগোষ্ঠীর জীবন, অধিকার ও অভিজ্ঞতাকে মর্যাদাপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীনভাবে তুলে ধরার চর্চাকে উৎসাহিত করা এ পুরস্কারের অন্যতম লক্ষ্য।

একই সঙ্গে জেন্ডার সমতা, মানবিক মর্যাদা ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে অবদান রাখা সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও কনটেন্ট নির্মাতাদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশিত বা প্রচারিত কাজের জন্য সাংবাদিক, গণমাধ্যমকর্মী, নির্মাতা ও সৃজনশীল পেশাজীবীরা আবেদন করতে পারবেন। নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য ও কনটেন্ট জমা দিতে হবে।

আয়োজকেরা বলছেন, মানুষের দৃষ্টিভঙ্গি ও সামাজিক মূল্যবোধ গঠনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সংবাদ, বিনোদন ও বিজ্ঞাপনে জেন্ডার বিষয়ে দায়িত্বশীল ভাষা, মানবিক উপস্থাপন এবং বৈষম্যহীন দৃষ্টিভঙ্গির চর্চাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

আবেদনের শেষ সময় ১০ সেপ্টেম্বর ২০২৬।

আবেদনের যোগ্যতা, নিয়ম ও প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ডের ওয়েবসাইটে

আরও পড়ুন

×