ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২৬

মামলার তারিখ পড়লে মেন্টাল ট্রমার মধ্যে থাকি: পরীমণি

মামলার তারিখ পড়লে মেন্টাল ট্রমার মধ্যে থাকি: পরীমণি
×

আদালতে পরীমণি। ছবি: ফাইল

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ২১:৩৩ | আপডেট: ০৯ আগস্ট ২০২৬ | ২১:৫৯

পাঁচ বছর আগে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির মামলায় আদালতে হাজির হয়ে চিত্রনায়িকা পরীমণি বলেছেন, ‘আমি আসলে অনেক মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাই। যখন এই মামলার তারিখ পড়ে। আবার সেই ঘটনাগুলো রিকল করা। এগুলো বলতে গেলে এক ধরনের মেন্টাল টর্চার। 

আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহাদাৎ হোসেন ভুঁইয়ার আদালতে পরীমণির জেরার দিন ছিল। তবে পরীমণি দেরিতে আসায় জেরা হয়নি। তাই, বিচারক আগামী ৩০ নভেম্বর জেরার পরবর্তী দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে বিষয়টি জানা গেছে।

এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা পরীমণি। তিনি বলেন, ‘তাড়াতাড়ি আসলে জেরাটা শেষ হয়ে যেতো। কারণ, এটা আমার জন্য অনেক হ্যাসেল। যেমন দু’দিন আগে আমার মেয়ের ভ্যাকসিন ছিল। বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার পরে যা হয়, রেস্টও হয় না। বাচ্চাদেরকে নিয়ে সময় দেওয়া, তারপর সবকিছু ম্যানেজ করে আমার আদালতে আসা প্রেসার হয়ে যায়। এটা আমার জন্য একটা হ্যাসেল।’

পরীমণি আরও বলেন, ‘রায়টা যতো তাড়াতাড়ি হোক, সেটাই আমি চাই। কারণ, আমার জন্য অনেক হ্যাসেল এগুলো। আদালতে পাঁচটা বছর তো হয়ে গেলো। আমি আর চাই না। মানে এই হ্যাসেলটা।’

বাংলা সিনেমার এই নায়িকা বলেন, ‘আমি আইনকে শ্রদ্ধা করি বলেই এই পাঁচটা বছর ধরে অপেক্ষায় আছি, একটা সুরাহা হোক। একটা সুন্দর দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়া হোক।’ 

পরীমণি বলেন, ‘আমি দোয়া করি, আল্লাহর কাছে যে, এটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাক। আমার আর কিছু চাওয়ার নেই। এই যে আপনারা সবাই যেভাবে আমাকে ভালোবাসেন, এটাই তো আমার জন্য অনেক। আর তো কিছু বলার নেই।’

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে আলোচিত বোটক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমণি। তদন্ত শেষে ওই বছরের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। একই বছরের ২৯ নভেম্বর পরীমণির আংশিক জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আরও পড়ুন

×