এসএসসি ও সমমানের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
এসএসসির ফলাফলের পর শিক্ষার্থীদের উল্লাস। ছবিটি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে তোলা- সাজ্জাদ নয়ন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১০:১৯ | আপডেট: ১০ আগস্ট ২০২৬ | ১২:৩০
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ।
২০২৬ সালে জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন পরীক্ষার্থী, যা গত বছর ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রোল ও নিবন্ধন নম্বর দিয়ে ফল দেখতে পারবেন। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
ওয়েবসাইটে ফল দেখার নিয়ম
শিক্ষা বোর্ডের ফলাফল দেখার ওয়েবসাইটে প্রবেশ করে Examination অপশন থেকে SSC/Dakhil নির্বাচন করতে হবে। এরপর পরীক্ষার বছর ২০২৬ নির্বাচন করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, রোল নম্বর ও নিবন্ধন নম্বর দিতে হবে। ক্যাপচা পূরণ করে Submit করলে ফলাফল দেখা যাবে।
শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।
এসএমএসে যেভাবে ফল জানবেন
এসএসসি পরীক্ষার্থীরা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠাতে পারবেন।
উদাহরণ: SSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য প্রিরেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে। Dakhil MAD 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফল প্রকাশের পর প্রিরেজিস্ট্রেশন করা মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফল পাঠানো হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা SSC TEC 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন।
এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিস থেকে ফলাফল দেওয়া হবে না।
প্রতিষ্ঠানভিত্তিক ফল
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফল জানতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের Result Corner-এ গিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের EIIN নম্বর দিতে হবে। এরপর প্রতিষ্ঠানটির ফলাফল শিট ডাউনলোড করা যাবে।
চলতি বছরের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ৭ থেকে ১৪ জুন। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।