ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

এসএসসির ফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য

এসএসসির ফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১৮:০২

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে ৯৯ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ বছর প্রতিষ্ঠানটির বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন থেকে ১ হাজার ৪৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৪৮৮ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন।

এ বছর সারাদেশে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। এর তুলনায় মাইলস্টোন কলেজের ফলাফল বেশ ভালো।

কলেজ সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ২৬৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ হাজার ২৬২ জন। এ বিভাগে পাসের হার ৯৯ দশমিক ৭৬ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৯৩ জন।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ২২৮ জন। পাস করেছে ২২৬ জন। এ বিভাগে পাসের হার ৯৯ দশমিক ১২ শতাংশ।

ফল প্রকাশের পর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। কৃতী শিক্ষার্থীরা পরস্পরকে অভিনন্দন জানান। পরে কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও অভিভাবকেরা সাফল্য উদযাপনে অংশ নেন।

অভিভাবকেরা সন্তানের ফলাফলে সন্তোষ প্রকাশ করে কলেজের শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের আন্তরিকতার প্রশংসা করেন।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, শিক্ষক-শিক্ষিকাদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতাই এ ফলাফলের মূল ভিত্তি। সুনির্দিষ্ট অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, সময়োপযোগী শিক্ষাপদ্ধতি, নিয়মিত ক্লাস এবং বছরজুড়ে অ্যাকাডেমিক শৃঙ্খলা বজায় রাখার কারণে প্রতিষ্ঠানটি আশানুরূপ ফল অর্জন করতে পেরেছে।

তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানান। একই সঙ্গে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন

×