ইসলামী ব্যাংক
৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তালিকায় সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের নাম
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ০২:৪৫
ঋণের নামে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দেওয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে। বিগত দিনে তিনি ব্যাংকটিতে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে প্রভাব খাটিয়ে ওই পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। অভিযোগে ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের কর্ণধার পলাতক মোহাম্মাদ সাইফুল আলম (মাসুদ) ওরফে এস আলমসহ ৩৮ জনের নাম রয়েছে। দুদক সূত্রে এই তথ্য জানা গেছে।
ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার ক্ষমতাপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী গত ২৯ জুলাই ব্যাংকের পক্ষে অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক/চেয়ারম্যান বরাবর জমা দিয়েছেন। ওই দিন অভিযোগটি প্রকাশ না পেলেও গতকাল সোমবার গণমাধ্যমে প্রচার হয়।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ইসলামী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখা থেকে দুর্বল কোম্পানি সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের নামে ও বেনামে ঋণের কথা বলে ওই পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।
দুদকে দেওয়া অভিযোগে বলা হয়, সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড দুর্বল ভিত্তির কোম্পানি হওয়ায় এর ঋণসীমা ছিল ১০০ কোটি টাকা। জালিয়াতির মাধ্যমে ১০০ থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন মোহাম্মাদ ইউনুস ওরফে মো. ইউনুস বাদল।
দুদক জানায়, বর্তমানে কমিশন না থাকায় আইন অনুযায়ী অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। নতুন কমিশন যোগদানের পর অভিযোগটি কমিশনে পেশ করা হবে। তখন কমিশন সেটি খতিয়ে দেখে অনুসন্ধানের সিদ্ধান্ত নিতে পারে, আবার নাও নিতে পারে। মূলত কমিশন অভিযোগে উল্লেখ করা তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়ে থাকে।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা কখনও ব্যাংকের গ্রাহক সেজে, কখনও ব্যাংকের কর্মকর্তা সেজে, কখনও ব্যাংকের পরিচালক সেজে নানা রকম কলাকৌশল, ছলচাতুরী, কূটকৌশল ও প্রভাব খাটিয়ে ব্যাংকের অভ্যন্তরীণ ব্যবসায় হস্তক্ষেপ করেছেন। তারা বিভিন্ন সময়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে, নির্বাহী কমিটির সদস্য হিসেবে, ইনভেস্টমেন্ট কমিটির সদস্য হিসেবে, হেড অফিসের ব্যাংক কর্মকর্তা ও জোন/শাখার কর্মকর্তাসহ বিভিন্ন রূপ ধারণ করেছেন। তারা ঋণ/বিনিয়োগ লেনদেনে বিভিন্ন গ্রুপে বিভিন্ন সেক্টরে ঋণ প্রদানকারী, ঋণ গ্রহণকারী এবং ঋণ মঞ্জুরকারী হিসেবে ব্যাংকিং কার্যক্রমে অংশ নিয়েছেন। তারা পারস্পরিক যোগসাজশে ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং ওই অর্থ পাচার করেছেন।
অন্য অভিযুক্তরা হলেন এস আলমের ছেলে মো. আহসানুল আলম, সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের চেয়ারম্যান এ বি এম শামসুল হাসান, সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের পরিচালক সালেহা শাহিন, উম্মে সালমা শারমিন, গ্যালাক্সি সোয়েটার্স অ্যান্ড ইয়ার্ন ডায়িং লিমিটেডের পরিচালক জামিলা আক্তার সিমা, এলিট সকস লিমিটেডের এমডি মো. কবির হোসাইন, প্যারাডাইজ ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, এক্সেল ডায়িং অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের প্রতিনিধি প্রফেসর ডা. মো. সিরাজুল করিম, ইসলামী ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ মনিরুল মওলা, ব্যাংকের নির্বাহী কমিটির সাবেক সদস্য প্রফেসর মো. নাজমুল হাসান প্রমুখ।
- বিষয় :
- ইসলামী ব্যাংক
- আত্মসাৎ
- মো. সাহাবুদ্দিন