সারা বছর মৃত ভোটার কর্তনের পরিকল্পনা ইসির
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ২২:০০
ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের বাদ দিতে সারা বছরই হাসপাতাল ও কবরস্থানসহ বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তথ্য সংগ্রহের ক্ষেত্রে ধর্মীয় গুরু তথা ইমাম ও পুরোহিত, গ্রাম পুলিশ, দফাদার, চৌকিদার এবং স্বাস্থ্যকর্মীদের সহায়তা নেওয়া হবে।
আজ মঙ্গলবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সারা বছর মৃত ভোটার কর্তনের জন্য একটি প্রস্তাব তৈরি করা হচ্ছে। কীভাবে মৃত ভোটারদের শনাক্ত করা হবে, তা নিয়েও কাজ চলছে।
ইসি সূত্র বলছে, ভোটার তালিকা হালনাগাদের সময় কেবল মৃত ভোটার কর্তন হলেও পরে ভোটের সময় অনেক মৃত ভোটার তালিকায় থেকে যায়। ফলে ভোটে কারচুপির সুযোগ থেকে যায়। সর্বশেষ ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদকালেও ২১ লাখের বেশি মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। তবে এখনও অনেক মৃত ভোটার তালিকায় রয়ে গেছেন। এই কারণে হালনাগাদের সময় ছাড়াও সারা বছর তথ্য সংগ্রহ করে অধিক সংখ্যক মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইসির পরিকল্পনা অনুযায়ী- এ ক্ষেত্রে হাসপাতালে রোগী ভর্তি ও ছাড়পত্র, কবরস্থানে দাফন ও সমাধিস্থ এবং শেষকৃত্য সম্পাদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক সেবা থেকে তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া মৃত্যু সনদ দেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে ধর্মীয় গুরু, যেমন ইমাম ও পুরোহিত, গ্রাম পুলিশ, দফাদার, চৌকিদার ও স্বাস্থ্যকর্মীদের সহায়তা নেওয়া হতে পারে।
সর্বশেষ খসড়া ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।
- বিষয় :
- ইসি
- ভোটার তালিকা