ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জুলাইযোদ্ধাদের জন্য হোটেল ও বিমান টিকিটে ছাড়ের ঘোষণা

জুলাইযোদ্ধাদের জন্য হোটেল ও বিমান টিকিটে ছাড়ের ঘোষণা
×

ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ২২:৫১ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ | ০৩:৩৪

জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। মঙ্গলবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে জুলাইযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঘোষণা দেন তিনি।

মন্ত্রী বলেন, জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। একই সঙ্গে ‘৩৬ জুলাই’ স্মরণে পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতে তাদের জন্য ৩৬ শতাংশ ছাড় দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমাদের পর্যটন স্পটগুলোতে জুলাইযোদ্ধাদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন সংস্থায় জুলাইযোদ্ধাদের চাকরি দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।

এ সময় সভাপতির বক্তব্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশন এমন একটি পর্যটন শিল্প গড়ে তুলতে কাজ করবে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করবে, তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাবে, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করবে এবং বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্ববাসীর কাছে মর্যাদার সঙ্গে তুলে ধরবে।

অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পক্ষ থেকে শহীদ জুলাইযোদ্ধাদের পরিবারের সদস্য এবং আহত জুলাইযোদ্ধাদের হাতে প্রাইজবন্ড ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার।

আরও পড়ুন

×