অনলাইন জুয়া চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার
জুয়া চক্রের গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি- সিআইডি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ২১:৪৩
অনলাইন বেটিং ও জুয়া সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার পর্যন্ত নরসিংদীর রায়পুরা ও মনোহরদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—রফিকুল ইসলাম (৪৬), মো. সোহেল (৩৭), মো. শফিকুল ইসলাম (২৭), মো. রুবেল মোল্ল্যা (৩৩) ও আইয়ুব হোসেন রিপন (৪৮)। এ সময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন, ২০টি সিম কার্ড ও বিভিন্ন ব্যাংকের চেকবইসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়। এ ঘটনায় পরে সিআইডি বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধভাবে বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়া ওয়েবসাইটে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে জুয়ার আয়োজন করতেন। তদন্তে এসব সাইটে অর্থ জমা ও উত্তোলনের জন্য বিকাশ, নগদ, রকেট, উপায়, ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের তথ্য পাওয়া গেছে।
সিআইডি জানায়, চক্রটি দেশের বিভিন্ন এলাকায় এজেন্ট নিয়োগ করে এমএফএস নম্বর ও ব্যাংক হিসাব সংগ্রহ করত। পরে এসব হিসাবের মাধ্যমে অনলাইন জুয়ার অর্থ লেনদেন করা হতো। সংগৃহীত অর্থের একটি অংশ কমিশন হিসেবে রেখে বাকি অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর এবং ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের পর বিদেশে পাচার করা হতো কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন, সিম, ব্যাংক হিসাব ও চেকবই ফরেনসিক ও কারিগরি বিশ্লেষণ করে চক্রের অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।
- বিষয় :
- অনলাইন জুয়া
- গ্রেপ্তার
- সদস্য