গোয়েন্দা নজরদারি বাড়ানোর তাগিদ আইজিপির
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ২৩:৫০
আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের তিনি এই নির্দেশনা দেন।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বোমা ও বোমাজাতীয় বস্তু বা সরঞ্জাম উদ্ধারের ঘটনা ঘটছে। জননিরাপত্তা বা আইনশৃঙ্খলা যেন অবনতি না ঘটে, সেজন্য আইজিপি গোয়েন্দা নজরদাবি বাড়াতে বলেছেন বলে জানা গেছে। পাশাপাশি তিনি ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও অ্যান্টি টেররিজম ইউনিট প্রতিটি ঘটনায় আগে থেকেই ব্যবস্থা নেওয়ায় ও জড়িতদের গ্রেপ্তার করায় তাদের কাজের প্রশংসা করেছেন।
আইজিপি বলেন, বর্তমানে ঐতিহ্যগত অপরাধের চেয়ে সাইবার ক্রাইম, গুজব এবং সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও ‘মিস ইনফরমেশন’ মোকাবিলা করা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পুলিশের পদায়ন ও অভ্যন্তরীণ বিষয়ে নানা ধরনের তথ্য ছড়াচ্ছে। এতে পুলিশের মধ্যে অস্থিরতা বাড়ছে। তাই পুলিশকে অকার্যকর করার ষড়যন্ত্র ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে বলেছেন।
তিনি আরও বলেন, রাজধানীতে দেশি-বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ বসবাস করেন। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুরো দেশের স্থিতিশীলতার স্বার্থেই অপরিহার্য। মাঠপর্যায়ের কাজ গতিশীল করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি মনিটরিং বাড়ানোর পাশাপাশি সঠিক তদারকি থাকলে নিচের স্তরের পুলিশ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে উৎসাহিত হয়।
অন্যায়ের কাছে মাথানত না করে দেশের স্বার্থে ও জনগণের শান্তি প্রতিষ্ঠায় কাজ করার তাগিদ দিয়ে তিনি বলেন, ইচ্ছাকৃত ভুল বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে তার দায় পুলিশ বাহিনী নেবে না এবং সে ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলামসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাকে পুরস্কৃত করেন আইজিপি ও ডিএমপি কমিশনার।
- বিষয় :
- গোয়েন্দা সংস্থা
- আইজিপি