ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা জরিপ করবে সরকার
সমন্বিত তথ্যভান্ডার তৈরি হবে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ০৯:১০ | আপডেট: ১৪ আগস্ট ২০২৬ | ১৩:০০
| প্রিন্ট সংস্করণ
দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের প্রকৃত আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি নিরূপণে দেশব্যাপী বিশেষ জরিপ পরিচালনা করবে সরকার। এ জরিপের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের আর্থসামাজিক অবস্থার একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার পাশাপাশি তাদের জন্য একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরি করা হবে। এ তথ্যের ভিত্তিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রকৃত উপকারভোগী নির্বাচন এবং উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহায়তা পাওয়া যাবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যান ভবনে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপ ২০২৬’ শীর্ষক প্রকল্পের আওতায় অংশীজন নিয়ে একটি পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে জরিপের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) কাজী গোলাম তৌসিফ এবং বিবিএসের মহাপরিচালক শামীমুল হক। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) সাহাবউদ্দীন সরকার। জরিপের বিভিন্ন দিক নিয়ে মূল উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক ফারহানা সুলতানা। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, জাতিসংঘ ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অংশ নেন।
কর্মশালায় জানানো হয়, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি নিরূপণ জরিপ ২০২৫’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের আর্থসামাজিক অবস্থার বিস্তারিত তথ্য সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ তথ্যভান্ডার তৈরি করা হবে। জরিপে দেশব্যাপী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বিভিন্ন আর্থসামাজিক সূচক এবং প্রক্সি মিনস টেস্ট বা পিএমটি স্কোর প্রস্তুত করা হবে। এর মাধ্যমে পরিবারের আর্থিক সক্ষমতা ও দারিদ্র্যের মাত্রা নিরূপণে সহায়তা পাওয়া যাবে। সংগৃহীত তথ্য ব্যবহার করে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রকৃত উপকারভোগী চিহ্নিত ও নির্বাচন করা হবে। চলতি আগস্ট মাসেই দেশব্যাপী পূর্ণাঙ্গ গণনা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
কর্মশালায় বলা হয়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের তথ্য সংগ্রহে কিছু বিশেষ চ্যালেঞ্জ রয়েছে। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর কাছে পৌঁছানো, সঠিক তথ্য সংগ্রহ এবং তাদের আস্থা অর্জন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। বিবিএসের কর্মকর্তারা বলেন, জরিপের মাধ্যমে নির্ভুল ও হালনাগাদ তথ্য পাওয়া গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য সরকারি-বেসরকারি সামাজিক সুরক্ষা ও উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
- বিষয় :
- জরিপ