ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পাড়ে জামা-জুতা দেখে তল্লাশি পুকুরে মিলল ৩ শিশুর লাশ

এক দিনে ৮ শিশুর প্রাণ গেল পানিতে ডুবে

পাড়ে জামা-জুতা দেখে তল্লাশি পুকুরে মিলল ৩ শিশুর লাশ
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ০৮:৪২

| প্রিন্ট সংস্করণ

যশোরের বাঘারপাড়ায় নিখোঁজ শিশুদের খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পাড়ে জামা-জুতা দেখে তল্লাশি চালাতেই মেলে দুই বোনসহ ৩ শিশুর নিথর দেহ। একই দিন ঝালকাঠির রাজাপুর ও সিরাজগঞ্জের উল্লাপাড়া পুকুর থেকে তিন শিশুর এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদী থেকে আরও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। 

যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো– জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০) এবং একই গ্রামের নিছার আলীর দুই মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)।

স্থানীয়রা জানান, জুমার নামাজের আগে তিন শিশু একসঙ্গে খেলা করছিল। পরিবারের কাউকে না জানিয়ে বাড়ির পাশে ফাহিমাদের পরিত্যক্ত ও গভীর একটি পুকুরে গোসল করতে নামে তারা। দুপুরের খাবারের সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পাড়ে তাদের জামা ও জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুকুরে তল্লাশি চালানো হয়। পরে পুকুরের সিঁড়ির নিচ থেকে তিনজনকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়। তাদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম জানান, পুকুরটি পরিত্যক্ত থাকায় সেখানে সাধারণত কেউ গোসল করে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি স্থানে পানিতে ডুবে লাইলি (৩) ও রাফসান (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পুটিয়াখালি ও গালুয়া দুর্গাপুর গ্রামে দুর্ঘটনা দুটি ঘটে।
গালুয়া দুর্গাপুরের রিফাত হোসেনের দুই বছরের ছেলে রাফসান মায়ের অগোচরে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। অন্যদিকে, পুটিয়াখালি গ্রামের আবুল কালাম আকনের সাড়ে তিন বছরের মেয়ে লাইলি তার বড় বোনকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে দুটি পরিবারই পুকুর থেকে সন্তানদের ভাসমান অবস্থায় উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাজাপুর থানায় পৃথক দুটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর আদর্শগ্রামে পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে গাছের নিচে খেলছিল ওমর ফারুক। খেলার ছলে হঠাৎ সে গড়িয়ে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত প্রধান ডা. সামিউল ইসলাম রনি তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো–খেদারমারা ইউনিয়নের অনুষ্কা চাকমা (৫) ও সাজেক ইউনিয়নের আন্দারা চাকমা (১২)।
শুক্রবার দুপুরের দিকে ৬ নম্বর ওয়ার্ডের সুজিত বিকাশ চাকমার মেয়ে অনুষ্কা খেলতে গিয়ে পুকুরের ডুবে যায়। বাবা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
অপরদিকে মঙ্গলবার সাজেক ইউনিয়নের ভূয়াছড়ি এলাকায় কান্দারা চাকমা কাচালং নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। শুক্রবার দুপুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। 
 

আরও পড়ুন

×