ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পিউ রিসার্চের জরিপ

বাংলাদেশ নিয়ে ২৫% ভারতীয়র ভাবনা ইতিবাচক

পাকিস্তানের ৬৬% মানুষের, শ্রীলঙ্কার ৫৬%

বাংলাদেশ নিয়ে ২৫% ভারতীয়র ভাবনা ইতিবাচক
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ০৮:৫২ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ | ০৯:৩৬

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন পাকিস্তানের ৬৬ শতাংশ ও শ্রীলঙ্কার ৫৬ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ। অন্যদিকে ভারতের মোট প্রাপ্তবয়স্কের ২৫ শতাংশ বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের থিংক ট্যাঙ্ক পিউ রিসার্চের জরিপে উঠে এসেছে তথ্যগুলো।

মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলো একে অন্যকে কীভাবে দেখে তা জানতে জরিপ চালিয়েছিল পিউ রিসার্চ। জরিপের তথ্য বলছে, ২০২৪ সাল থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার জনসাধারণের মনোভাবে পরিবর্তন এসেছে। তারা একে অন্যকে আগে যেভাবে দেখতেন, সে পারদের ওঠানামা হয়েছে। বাংলাদেশের মানুষের মধ্যে ভারত সম্পর্কে অনুকূল মনোভাব কমেছে আগের তুলনায় ১৫ শতাংশ। অন্যদিকে একই সময়ে বাংলাদেশের মানুষের মধ্যে শ্রীলঙ্কার প্রতি অনুকূল মনোভাব বেড়েছে ১৪ শতাংশ।  

শ্রীলঙ্কায় বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক মনোভাব বেড়েছে ৯ শতাংশ। অন্যদিকে ভারতে ২০২৪ সালের পর বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি কমেছে ১০ শতাংশ।
এদিকে পাকিস্তান সম্পর্কে উষ্ণ দৃষ্টিভঙ্গির প্রকাশ দেখা গেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশে। ৫৭ শতাংশ শ্রীলঙ্কান ও ৫৪ শতাংশ বাংলাদেশি পাকিস্তান সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। এ সংখ্যা ২০২৪ সালেও ছিল যথাক্রমে ৪৪ শতাংশ ও ৪০ শতাংশের ঘরে। অন্যদিকে ভারতে পাকিস্তান সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন মাত্র ৮ শতাংশ।

এদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশ ও পাকিস্তানের প্রতি ভারতীয় মুসলিমরা বেশি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তবে ভারতীয় মুসলিমদের দুই-তৃতীয়াংশ পাকিস্তান সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। শ্রীলঙ্কার সংখ্যাগরিষ্ঠ মানুষ ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। বাংলাদেশে সেখানে ৪২ শতাংশ মানুষ ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। পাকিস্তানে মাত্র ৭ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখার কথা জানিয়েছেন।

কোন দেশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র মনে করেন– এমন প্রশ্নের জবাবেও মিলেছে চমকপ্রদ তথ্য। শ্রীলঙ্কার ৬৩ শতাংশ মানুষ ভারতকে মিত্র মনে করেন। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তানের বেশির ভাগই ভারতকে সবচেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন। উল্টো প্রশ্নও করা হয় জরিপে। জানতে চাওয়া হয়, কোন দেশকে সবচেয়ে বড় হুমকি বলে মনে করেন মানুষ। এই প্রশ্নের জবাবে ভারতীয়রা বেশির ভাগ ক্ষেত্রেই পাকিস্তানের নাম উল্লেখ করেছেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনসাধারণ একে অন্যকে কীভাবে দেখেন সে বিষয়টির সঙ্গে শিক্ষারও একটি যোগসূত্র দেখা গেছে। মাধ্যমিক শিক্ষা নেই– এমন ব্যক্তিদের তুলনায় অন্তত একটি মাধ্যমিক শিক্ষা রয়েছে এ রকম বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানিরা শ্রীলঙ্কার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। একই ঘটনা দেখা গেছে শ্রীলঙ্কার ক্ষেত্রেও।
এদিকে ভারতে পাকিস্তানের প্রতি ইতিবাচক মনোভাব সেভাবে কোনো বয়সের মানুষই দেখাননি।  যেটুকু নমনীয়তা দেখা গেছে, তা তুলনামূলক অল্প বয়সীদের মধ্যে, যাদের বয়স বর্তমানে ৩৫-এর নিচে। 

আরও পড়ুন

×