আবুল কালাম আজাদের আপিল আবেদনের গ্রহণযোগ্যতা শুনানি ৩১ আগস্ট
একাত্তরে মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদ (ছবি- সংগৃহীত)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ১২:৫৪ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ | ১৪:১৮
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, সে বিষয়ে শুনানির জন্য ৩১ আগস্ট তারিখ রেখেছেন আপিল বিভাগ। সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যৈষ্ঠ বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। তবে ২০১৩ সালের ২১ জানুয়ারি রায় ঘোষণার সময় ফরিদপুরের মাওলানা আবুল কালাম আযাদ বিদেশে পলাতক থাকায় তিনি আপিল করতে পারেননি।২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফেরেন ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ।
নির্ধারিত সময়ের ১৩ বছর পর আপিল করেন। এরপর সাজা স্থগিত চেয়ে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২২ অক্টোবর তার দণ্ডাদেশ এক বছরের জন্য স্থগিত করে অন্তর্বর্তীকালীন সরকার। তবে শর্ত দেওয়া হয়, আদালতে আত্মসমর্পণ করে তাকে আপিল দায়ের করতে হবে।
চলতি বছরের ২১ জানুয়ারি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে আপিল প্রস্তুতের জন্য রায়ের সার্টিফায়েড কপি (নকল) ও অন্যান্য নথিপত্র চেয়ে আবেদন করেন আবুল কালাম আযাদ। পরে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলও দায়ের করেন।
জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটসহ আটটি অভিযোগের মধ্যে সাতটি প্রমাণিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে মৃত্যুদণ্ড দেন।