চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন চট্টগ্রামের এক সাক্ষী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ২০:৫৯
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন জুলাই রেভোল্যুশনারি অ্যালায়েন্সের চট্টগ্রাম মহানগরের সভাপতি রেজাউল করিম। আজ সোমবার চিফ প্রসিকিউটর বরাবর এ চিঠি দেন তিনি।
চিঠিতে রেজাউল করিম উল্লেখ করেন, তিনি জুলাই গণ-অভ্যুত্থানের একজন সক্রিয় কর্মী। পাশাপাশি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান চট্টগ্রামে সংঘটিত জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলার একজন তালিকাভুক্ত সাক্ষী।
চিঠিতে অভিযোগ করা হয়, এ মামলার আসামি সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী এবং তাঁর পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে মামলাটির বিচারিক প্রক্রিয়াকে বিলম্বিত, প্রশ্নবিদ্ধ ও বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে বিভিন্ন বেআইনি কার্যকলাপে লিপ্ত।
রেজাউল করিম চিঠিতে অভিযোগ করেন, এ মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণ নষ্ট করা এবং সাক্ষীদের জবানবন্দি প্রদানে বিরত রাখার অসৎ উদ্দেশ্যে আসামিপক্ষ প্রতিনিয়ত ভয়ভীতি দেখাচ্ছে। বিদেশ থেকে এ মামলার সাক্ষী ও তাঁদের পরিবারের সদস্যদের টেলিফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
চিঠিতে হুমকি পাওয়া পাঁচজনের নামও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে হুমকিদাতাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং তিনিসহ (রেজাউল করিম) মামলার সব সাক্ষী ও সংশ্লিষ্ট ছাত্রনেতাদের সর্বোচ্চ আইনি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।