সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী ঘিরে দেশজুড়ে নাট্যোৎসব
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ২২:৫৭
বাংলা নাটকের অন্যতম প্রধান নাট্যকার ও নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হচ্ছে নাট্যোৎসব, নাটক মঞ্চায়ন, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক আয়োজন। নাট্যসংগঠন, বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে আগামী কয়েক দিন এসব কর্মসূচি চলবে।
জন্মবার্ষিকী উপলক্ষে বড় আয়োজনগুলোর একটি তিন দিনব্যাপী ‘সেলিম আল দীন নাট্যোৎসব ২০২৬’। ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ১৮ থেকে ২০ আগস্ট জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে এ উৎসব। ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেখ ছায়াপথ’ প্রতিপাদ্যে আয়োজিত উৎসবের প্রথম দিনের কর্মসূচি শুরু হবে ১৮ আগস্ট সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে।
সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় ঢাকা থিয়েটার মঞ্চস্থ করবে নাসির উদ্দীন ইউসুফ নির্দেশিত ‘নিমজ্জন’। ১৯ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ মঞ্চস্থ করবে কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নির্মিত ‘জহরনামা’। এর পাণ্ডুলিপি ও নির্দেশনা দিয়েছেন আনন জামান। উৎসবের শেষ দিন ২০ আগস্ট প্রতিবন্ধী ব্যক্তিদের নাট্যসংগঠন সুন্দরম পরিবেশন করবে ‘একসাথে চলি একসাথে বাঁচি’। নাটকটির রচয়িতা এ এইচ রাজন ও রফিকুল ইসলাম; নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।
এদিকে নাট্যসংগঠন স্বপ্নদল আয়োজন করছে তিন দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৬’। ‘ঐতিহ্যধারায় সম্মুখযাত্রী বাঙলা নাট্যরথ, রবীন্দ্রনাথ-সেলিম আল দীনে পায় পূর্ণতার পথ’ স্লোগানে ১৮ এবং ২০-২১ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হবে এ আয়োজন। উৎসবে জাহিদ রিপনের নির্দেশনায় স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ ও ‘হরগজ’ নাটকের চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
সেলিম আল দীনের জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগও বিশেষ কর্মসূচি নিয়েছে। শোভাযাত্রা, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, সেমিনার ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে দিনটি পালন করবে বিভাগটি।
১৮ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সেলিম আল দীন সংগ্রহশালার উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘আলাপে সেলিম আল দীন ও নাটকের রাজনীতি’ শীর্ষক একক বক্তৃতা। এতে বক্তব্য দেবেন ড. আজফার হোসেন। একই দিন সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা মঞ্চস্থ করবে ‘ধাবমান’।
২২ আগস্ট বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে ধ্রুপদী আর্ট সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘ভাঙা প্রেম অশেষ বিশেষ’ থেকে পাঠের বিশেষ আয়োজন। সামিউন জাহান দোলার নির্দেশনায় এ আয়োজনে আলোচনা করবেন অভিনেতা আফজাল হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইউসুফ হাসান অর্ক, নাট্যকর্মী জাহেদুল আলম হিটো ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাজী শুসমিন আফসানা। আয়োজনে সহযোগিতা করছে ফেনীর সেলিম আল দীন কেন্দ্র।
জামালপুরেও সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন করেছে নাট্যসংগঠন থিয়েটার অঙ্গন। সংগঠনটির ৩৬ বছর পূর্তি ও সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০, ২১ ও ২২ আগস্ট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হবে নতুন প্রযোজনা ‘ঊনচাঁদ’। সাদিয়া তাবাসসুম বৃষ্টির রচনায় ও শাহীন রহমানের নির্দেশনায় নাটকটির প্রদর্শনী প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মানিকগঞ্জের তালুকনগরে সেলিম আল দীন স্মৃতি পাঠাগার ও তালুকনগর থিয়েটারের উদ্যোগে শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণে রচনা, কবিতা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নাটোরের ইঙ্গিত থিয়েটারও আয়োজন করেছে আলোচনা সভা।
বাংলা নাটকের ভাষা, আঙ্গিক ও দর্শনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা সেলিম আল দীনের জন্মবার্ষিকী ঘিরে এবারের এসব আয়োজন তাঁর নাট্যচিন্তা ও সৃষ্টিকে স্মরণ করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তাঁর শিল্পদর্শন পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করবে বলে মনে করছেন আয়োজকেরা।
- বিষয় :
- নাট্যোৎসব
- সেলিম আল দীন
- জন্মবার্ষিকী