ঢাকা বিশ্ববিদ্যালয়
শিবির সমর্থিত এক নেতার অনুষ্ঠান ঘিরে নানা আলোচনা
ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ২১:৩২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে ছাত্রশিবির সমর্থিত হল সংসদের সাহিত্য সম্পাদক ফাহিম শাহরিয়ার আয়োজিত এক অনুষ্ঠান নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।
গত রোববার ‘এআই ট্রান্সহিউম্যানিজম এন্ড ইসলাম’ শীর্ষক অনুষ্ঠানটি ওই হলের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে টিভি রুমে আয়োজন করা হয়। অনুষ্ঠানে একমাত্র অতিথি ছিলেন ইসলামী বক্তা ও অ্যাক্টিভিস্ট আসিফ আদনান। তার বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠী আল কায়েদার কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ কারণে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন।
তবে বিষয়টি জানার পর অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয় বলে সমকালকে জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জসীম উদ্দিন। তিনি বলেন, ছাত্ররা আমার কাছে মসজিদে অনুষ্ঠান করার অনুমতি নিয়েছিল। পরে টিভিরুমে অনুষ্ঠান আয়োজনের খবরে পেয়ে তা বন্ধ করে দিই। বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হয়েছে, এ ধরনের কোনো কর্মকান্ড হলে করা যাবে না।
অনুষ্ঠানটির অন্যতম আয়োজক ছিলেন ফাহিম শাহরিয়ার। অনুষ্ঠানের বক্তাকে নিয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগ আমলে ওনাকে ট্যাগ দেওয়া হয়েছিল, ওনাকে আনার কারণ এটাই ছিল। কিছু করলেই জঙ্গি এই ন্যারেটিভ আমরা ভাঙতে চাই। ওনার সবকিছু প্রকাশ্য। ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। উনি আমার ইসলামের ভাই।
ফাহিম শাহরিয়ার দাবি করেন, আমি শিবির না, তবে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের সমর্থন পেয়েছিলাম।
ঢাবি ছাত্রশিবিরের বিজ্ঞান সম্পাদক ও হল সংসদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সমকালকে বলেন, ফাহিম ছাত্রশিবিরের কোনো পর্যায়ের নেতা নন। অনুষ্ঠানটি হল সংসদের উদ্যোগে হয়নি, সে ব্যক্তিগত উদ্যোগে করেছে।
এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেছেন। আইন বিভাগের ছাত্র রেজওয়ান আহমেদ রিফাত লেখেন, ‘দুইদিন আগে সন্ত্রাসী স্টুডেন্ট ফর সভারিনিটির পর এবার আরেক উগ্রপন্থী আসিফ আদনান ঢাবি ক্যাম্পাসে প্রোগ্রাম করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মতি নিয়েই ক্যাম্পাসে এই উগ্রবাদীদের প্রোগ্রাম চলছে।’
সাবেক শিক্ষার্থী মীর আরশাদুল হক লেখেন, ‘আসিফ আদনান আল কায়েদার প্রচারক, উগ্র বাদী ও জঙ্গিবাদী প্রচারণার জন্য সুপরিচিত এই লোক। এই প্রোগ্রামের আয়োজক কারা? কারা এদের সেল্টার দিচ্ছে?’
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- শিবির