ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

এমপিও শিক্ষকদের বদলির আবেদন শুরু শুক্রবার

এমপিও শিক্ষকদের বদলির আবেদন শুরু শুক্রবার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ২১:৪০

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন আগামী শুক্রবার (২১ আগস্ট) থেকে অনলাইনে শুরু হবে; যা চলবে ২৭ আগস্ট পর্যন্ত। আজ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারি করা এ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারের সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। আবেদন বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই শেষে কর্তৃপক্ষ বদলির আদেশ জারি করবে। শিক্ষকেরা নিজ জেলার বদলির আবেদন করতে পারবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় শূন্যপদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষকেরা স্বামী বা স্ত্রীর নিজ জেলা বা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত স্বামী বা স্ত্রীর জেলায় বদলির আবেদন করতে পারবেন। বদলির সফটওয়্যারে প্রতিষ্ঠানের দেওয়া তথ্যে ভুল থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও আবেদনকারী শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। 

মাউশি বলছে, চাকরির দুই বছর পূর্ণ হলে শিক্ষকেরা বদলির আবেদনের জন্য যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর কমপক্ষে দুই বছর নিয়োজিত থাকার পর পরের বার বদলির আবেদন করতে পারবেন। অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত বদলি আবেদন বিবেচনা করা হবে না। কোনো শিক্ষকের এমপিও বন্ধ থাকলে, বা তিনি সাময়িক বরখাস্ত থাকলে বা তার বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তিনি বদলির যোগ্য হবেন না বলেও জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বদলির আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করতে হবে। অবমুক্ত হওয়ার ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। ২০২৬ সালে প্রণীত সংশোধিত নীতিমালা অনুযায়ী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই করা হবে। 

গত ৬ মে জারি করা এ নীতিমালায় বেসরকারি স্কুল-কলেজের সহকারী শিক্ষক, প্রভাষক ও সহকারী অধ্যাপকদের পাশাপাশি অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রদর্শক ও ট্রেড ইন্সট্রাক্টরদের সমস্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে বদলি হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এটি বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির সুযোগ দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা চতুর্থ নীতিমালা। আগের তিনটি নীতিমালাতে শিক্ষকেরা বদলির সুযোগ পাননি।

আরও পড়ুন

×