শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রথমবার মুনাফার অংশ দিল বিমান
ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ০২:৪৩
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মুনাফার অংশ হিসেবে ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের ইতিহাসে এবারই প্রথম প্রতিষ্ঠানটি এ তহবিলে মুনাফার অংশ প্রদান করল। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৩)-এর ২৩৪ ধারা অনুযায়ী, কোনো কোম্পানির নিট মুনাফার পাঁচ শতাংশের ১০ শতাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০০৬-এর ১৪ ধারার অধীনে স্থাপিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে হস্তান্তরের বিধান রয়েছে।
আইনি বিধান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিলে প্রদেয় অর্থের ১০ শতাংশ হিসেবে ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকার চেক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে বিমান।
মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করে। এ সময় মুনাফার অংশের চেকটি হস্তান্তর করা হয়। প্রতিনিধিদলে বিমানের উপব্যবস্থাপনা পরিচালক ও ডিসিইও, পরিচালক অর্থ এবং মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
বিমান জানিয়েছে, শ্রম আইন অনুযায়ী শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মুনাফার অংশ প্রদান প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার অংশ। জাতীয় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধা রেখে স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যতেও শ্রমজীবী মানুষের প্রতি এ দায়বদ্ধতা পালন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
- বিষয় :
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- মুনাফা