আগস্টের ১৮ দিনেই জুলাইয়ের চেয়ে বেশি ডেঙ্গু রোগী
আরও তিনজনের মৃত্যু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ০৩:১৬
দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। চলতি আগস্ট মাসের ১৮ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ২৯১ জন। এই সংখ্যা গত জুলাই মাসে ভর্তি হওয়া রোগীর চেয়েও বেশি। জুলাইয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯ হাজার ২০৬ জন ডেঙ্গু রোগী।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৬০১ জন। এর মধ্যে আগস্টে ১০ হাজার ২৯১, জুলাইয়ে ৯ হাজার ২০৬ এবং জুনে ২ হাজার ৯০৭ জন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন ও খুলনা বিভাগে–দুই জায়গাতেই ১৩৫ জন করে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৬, বরিশাল বিভাগে ৯৮, চট্টগ্রাম বিভাগে ৯৪, ময়মনসিংহ বিভাগে ৬১, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৫১, রাজশাহী বিভাগে ৪৬, রংপুর বিভাগে ২৪ এবং সিলেট বিভাগে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, ডেঙ্গু রোগীর ক্ষেত্রে দ্রুত রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো রোগ শনাক্ত করা না গেলে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। তাই দ্রুত রোগ নির্ণয়ের পাশাপাশি যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ডেঙ্গুর পরিবর্তিত পরিস্থিতি, রোগের জটিলতা, রোগ দ্রুত শনাক্তকরণ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন। এতে ঝুঁকিপূর্ণ রোগী দ্রুত শনাক্ত করা এবং চিকিৎসার বিষয়ে সময়মতো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
- বিষয় :
- ডেঙ্গু রোগী
- শনাক্ত
- মৃত্যু