কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, শ্রম ও জনশক্তি খাতে সহযোগিতায় জোর
কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ১০:৪৬
কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দোহায় সরকারি সফরের সময় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী। এর মধ্যে শ্রম খাতে সহযোগিতা, বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও সুরক্ষা এবং কাতারে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মারি দেশটির অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
দুই পক্ষই শ্রম ও জনশক্তি খাতে বাংলাদেশ-কাতার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
বাংলাদেশের বিপুলসংখ্যক কর্মী দীর্ঘদিন ধরে কাতারের বিভিন্ন খাতে কাজ করছেন। তাদের পাশাপাশি দক্ষ কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টি বৈঠকে গুরুত্ব পাওয়ায় শ্রমবাজারে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- বিষয় :
- কাতার-বাংলাদেশ
- পররাষ্ট্রমন্ত্রী
- বৈঠক