আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ২০:৪৬
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার নাফ নদীর শূন্যরেখা এলাকা থেকে আরাকান আর্মির কাছ থেকে তাঁদের গ্রহণ করে বিজিবির একটি প্রতিনিধিদল। পরে তাঁদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়।
বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি সদরদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাফ নদীর শূন্যরেখা এলাকায় আরাকান আর্মির কাছ থেকে ২৪ বাংলাদেশি জেলেকে গ্রহণের পর তাঁদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়। দেশে ফিরিয়ে আনা জেলেদের পরিচয় যাচাই ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের কাজ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সমন্বয়ে চলছে।
পরিচয় নিশ্চিত হওয়াসহ যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার পর তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এসব জেলে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। এ সময় তাঁদের আটক করে আরাকান আর্মি। পরে তাঁদের মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির নিয়ন্ত্রিত এলাকায় রাখা হয়।
আটক জেলেদের পরিবারের উদ্বেগ ও মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবি বিভিন্ন সময়ে উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় ধাপে ধাপে ২৪ জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বিজিবি জানিয়েছে, মিয়ানমারে এখনো আটক থাকা বাংলাদেশি জেলেদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
- বিষয় :
- বিজিবি
- আরাকান আর্মি