সশস্ত্র বাহিনীতে ফিরলেন কারা প্রধান, কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ২১:৫২
কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাবাসন করে তাঁর স্থলে রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানকে নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উভয় আদেশই অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনকে তাঁর বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তবে বুধবার রাত পর্যন্ত কারা অধিদপ্তরের মহাপরিদর্শক পদে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিরক্ষা শাখার উপদেষ্টা পদে ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেনের নিয়োগ অনুমোদন করেছে সরকার। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এর আগে মঙ্গলবার কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন জানিয়েছিলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দীর মধ্যে ৬৯০ জন এখনও পলাতক। তাঁদের মধ্যে নরসিংদী কারাগার থেকে পালানো ১৬৬ বন্দীর কোনো সন্ধান পাওয়া যায়নি। পলাতক বন্দীদের মধ্যে তিনজন ‘জঙ্গি’ রয়েছেন বলেও জানান তিনি।
তাঁর বদলির পর বুধবার সন্ধ্যায় কারা অধিদপ্তরের মিডিয়া সেল থেকে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে আইজি প্রিজনকে সশস্ত্র বাহিনীতে প্রত্যাবাসন করা হয়েছে। এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।
২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পালাবদলের মধ্যে ১১ আগস্ট ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেনকে প্রেষণে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার।
অন্যদিকে কোস্ট গার্ডের মহাপরিচালক পদে পরিবর্তন এনে রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে তাঁর বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক পদে ন্যস্ত করা হয়েছে। তিনিও বুধবার থেকেই নতুন দায়িত্বে যোগ দেবেন।
- বিষয় :
- কারা মহাপরিদর্শক
- পরিবর্তন