চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, বাঁচতে ৯৯৯-এ কল
ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ১৭:২৪
গাজীপুরে নির্মাণাধীন একটি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে দুই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তাঁদের একজন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। এ অবস্থায় প্রাণ বাঁচাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন তাঁর সহযোগী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
গত বুধবার গাজীপুর সদর থানার কড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
আনোয়ার সাত্তার বলেন, ঘটনার সময় কামরুল নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাঁর এক সহযোগী বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানান তিনি।
খবর পেয়ে ৯৯৯-এর পক্ষ থেকে গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁদের ভর্তি করা হয়। তাঁদের মধ্যে জিহাদ (১৮) গুরুতর আহত বলে জানান সংশ্লিষ্টরা।
পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, কামরুল ও তাঁর সহযোগী জিহাদ নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুতের তার চুরি করতে গিয়েছিলেন। তার কাটার সময় জিহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অগ্নিদগ্ধ হন এবং মাটিতে পড়ে যান। এ সময় কামরুলও বিদ্যুৎস্পৃষ্ট হন, তবে তাঁর আঘাত গুরুতর নয় বলে ৯৯৯-এ জানান তিনি।
ঘটনার পর বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
- বিষয় :
- বিদ্যুৎস্পৃষ্ট