মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল চীন, যুক্তরাজ্য
মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়ে চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশনের পোস্ট।
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ১৯:৪৯ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ | ১৯:৫৩
দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই ঢাকায় অবস্থিত দেশ দুটির দূতাবাস ও হাইকমিশনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
ফেসবুকে চীনা দূতাবাসের ভেরিফায়েড পেজে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে লেখা হয়েছে, ঢাকার সঙ্গে সম্পর্ককে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়। নতুন যুগে চীন-বাংলাদেশের একটি ‘কমিউনিটি’ গড়ে তুলতে বেইজিং ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।
পোস্টে দুই দেশের অভিন্ন ভবিষ্যত নির্মাণে লক্ষ্যের কথাও বলা হয়েছে। এর উদ্দেশ্য জনগণের জন্য আরও বেশি সুফল নিশ্চিত করা।

অপরদিকে ব্রিটিশ হাইকমিশন তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে যুক্তরাজ্য বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি ও সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করছে।’ পোস্টে মির্জা ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাতের একটি পুরোনো ছবিও যুক্ত করা হয়েছে।
এর আগে সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫টি ভোট পেয়ে জয়ী হন মির্জা ফখরুল ইসলাম। তাঁর প্রতিদ্বন্দ্বি অলি আহমদ (বীরবিক্রম) পেয়েছেন ৮৮টি ভোট। ছয়জন এমপি ভোট দেননি। বিকেল পাঁচটার পর এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।