বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ২১:০৯
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
আজ বৃহস্পতিবার সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মোনাজাতে অংশ নেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ। এ সময় তিনি শ্রদ্ধাভরে মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের গৌরবোজ্জ্বল অবদানের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পরিবারের সদস্য, বিমান সদর ও ঢাকায় অবস্থিত বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমানসেনারা উপস্থিত ছিলেন।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এ ছাড়া বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিভিন্ন স্কুল ও কলেজেও বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জীবন ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের ওপর আলোচনা এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
- বিষয় :
- বীরশ্রেষ্ঠ
- মতিউর রহমান
- শাহাদাতবার্ষিকী