নোয়াখালীর সাহাবুদ্দিনের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ২২:২২
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি নোয়াখালী সদর থানার মো. সাহাবুদ্দিনের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের উপসহকারী পরিচালক কে এম আসাদুজ্জামানের স্বাক্ষর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ওই আদেশ দেন।
আসামি মো. সাহাবুদ্দিনের বর্তমান ঠিকানা- ৭৩/২, সিদ্দিক বাজার, ঢাকা। স্থায়ী ঠিকানা- নোয়াখালী জেলা সদর থানার মাতার বাড়ি গ্রাম।
ঢাকা বিভাগীয় কার্যালয়ে দুদক এ মামলাটি দায়ের করেছিল ২০২১ সালের ১০ জুন। দুদক আইন-২০০৪ এর ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়।
আদালতে দেওয়া দুদকের আবেদনে বলা হয়, আসামি সাহাবুদ্দিনের নামে ১ কোটি ৮৭ লাখ ৪৯ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে। তার দখলে থাকা এই সম্পদ তার বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
আবেদনে আরও বলা হয়, আসামি অবৈধভাবে অর্জিত সম্পদসমূহ বিক্রি/হস্তান্তর করার অপচেষ্টা চালাচ্ছেন মর্মে গোপন সূত্রে তথ্য পাওয়া গেছে। এটি হলে মামলাটির সুষ্ঠু তদন্ত ও আদালতে মামলা প্রমাণের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে। মামলা তদন্তের স্বার্থে তার নামের বাড়ি, জমি, প্লট, ব্যবসা, ব্যাংকে জমা রাখা টাকাসহ অন্যান্য আলামত স্থিতাবস্থায় রাখা জরুরি।
আবেদনের পরিপ্রেক্ষিত্রে দুদক বিধিমালা-২০০৭ এর ১৮ বিধি এবং দুর্নীতি দমন কমশিন আইন-২০০৪ ২৭(১) ধারায় তার নামে থাকা সব ধরণের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
- বিষয় :
- দুর্নীতি দমন কমিশন
- আদালত