এএইউবির ২১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
অ্যাভিয়েশন ও মহাকাশ প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ার ওপর জোর
ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ০৪:১৯
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ (এএইউবি)-এর ২১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অ্যাভিয়েশন প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মহাকাশ গবেষণা এবং স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা প্রযুক্তিতে দেশের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এএইউবির উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি (পি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় উপাচার্য বলেন, ‘অ্যাভিয়েশন প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, মহাকাশ গবেষণা এবং স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা প্রযুক্তি শুধু উন্নত বিশ্বের বিষয় নয়; এটি একটি দেশের ভবিষ্যৎ সক্ষমতা ও মর্যাদার গুরুত্বপূর্ণ নিয়ামক।’
তিনি বলেন, দেশের বিদ্যমান অবকাঠামো ও অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে আধুনিক প্রযুক্তিগত সক্ষমতা অর্জন, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয়টিকে উৎকৃষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করাই এএইউবির লক্ষ্য।
গবেষণা ও শিল্প খাতের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, কার্যকর অংশীদারত্বই একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ের মূল ভিত্তি। এ লক্ষ্যে গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত Collaborative Research with Universities, Industries and Entities: Prospects, Challenges and Ways Out শীর্ষক সেমিনারে বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণা–সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।
সভায় উপাচার্য ২০তম সিন্ডিকেট সভার পর থেকে বাস্তবায়িত বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সংক্ষিপ্ত প্রতিবেদনও সদস্যদের সামনে উপস্থাপন করেন।
সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সদস্যদের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতিনিধিরা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- সিন্ডিকেট সভা