ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

উইং কমান্ডার ইন্তেখাব বললেন

র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা চলবে

র‍্যাব বিলুপ্ত  হলেও বিচারাধীন  মামলা চলবে
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ০৮:৫৩

| প্রিন্ট সংস্করণ

র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী গঠন হলেও র‍্যাবের আওতাধীন সদস্যদের বিরুদ্ধে বিচারাধীন মামলার কার্যক্রম চলবে। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব  মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাহিনী কীভাবে পরিচালিত হবে, কীভাবে কার্যক্রম চলবে, তা সরকার নির্ধারণ করবে। এ বিষয়ে নতুন একটি আইন প্রণয়ন হচ্ছে। তার মাধ্যমে বাহিনীর জন্য একটি নতুন ও শুভ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। নতুন বাহিনী গঠনের জন্য যে আইন প্রণয়ন করা হচ্ছে, সেখানে র‍্যাবের আওতায় থাকা বিচারাধীন মামলাগুলোর বিচার কার্যক্রম আগের আইন অনুযায়ী চলমান রাখার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ফলে র‍্যাব বিলুপ্ত হলে বিচারাধীন মামলা আর চলবে না– বিষয়টি এমন নয়। র‍্যাবের আওতায় যেসব সদস্যের বিচারাধীন মামলা রয়েছে, তাদের বিচার কার্যক্রম আগের আইন অনুযায়ী চলমান থাকবে।

র‍্যাবের বিরুদ্ধে অতীতের বিভিন্ন অভিযোগ ও বিচারাধীন বিষয়ে এক প্রশ্নের জবাবে ইন্তেখাব চৌধুরী বলেন, এসব বিষয়ে মামলা হয়েছে এবং তদন্তও হয়েছে। বর্তমানে সেগুলো বিচারাধীন। বিচারাধীন প্রক্রিয়াগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য র‍্যাবের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করা হচ্ছে।
নতুন আইনকে শুধু র‍্যাবের নাম পরিবর্তন হিসেবে না দেখার আহ্বান জানিয়ে ইন্তেখাব চৌধুরী বলেন, প্রস্তাবিত আইনে কাঠামোগত বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। কোন বাহিনী কীভাবে কাজ করবে, কোন বাহিনীর অধীনে থাকবে, এসব বিষয় সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বাহিনীর কোনো সদস্য অন্যায় বা দুর্নীতির সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও নতুন আইনে গুরুত্বের সঙ্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

×