প্রদর্শনী
রঘু রাইকে নতুন করে দেখার পাঠ
বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে রাজধানীর পান্থপথের দৃকপাঠ ভবনে প্রয়াত আলোকচিত্রী রঘু রাইকে নিয়ে বিশেষ আয়োজন সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ০৯:৩২ | আপডেট: ২১ আগস্ট ২০২৬ | ০৯:৪৮
| প্রিন্ট সংস্করণ
ছবির ভেতর দিয়ে সময়কে দেখা যায়, কিন্তু একজন আলোকচিত্রীকে কি তাঁর ছবির বাইরে গিয়েও দেখা সম্ভব? পরিচিত ফ্রেম, বহুল আলোচিত মুহূর্ত আর ইতিহাসের সাক্ষী হয়ে থাকা ছবিগুলোর আড়ালে যে মানুষটি ক্যামেরা ধরেছিলেন, তাঁকে নতুন করে জানার সেই চেষ্টা থেকেই শুরু হয়েছে ‘রঘু রাইকে পুনঃশিক্ষা’। বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে গত বুধবার থেকে রাজধানীর ধানমন্ডিতে শুরু হয়েছে এ বিশেষ আয়োজন।
সন্ধ্যা ৬টায় পান্থপথের দৃকপাঠ ভবনে আয়োজনটির সূচনা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় ‘এক বন্ধুকে স্মরণ: শহিদুল আলম’ শীর্ষক আলোচনা। রঘু রাইয়ের আলোকচিত্রের দিকে নতুন চোখে তাকানোর পাশাপাশি আলোকচিত্রের জগতে তাঁর সমসাময়িক ও সহযাত্রীদের স্মৃতিও এ আয়োজনে জায়গা করে নিয়েছে।
একজন আলোকচিত্রীকে নিয়ে সাধারণত তাঁর বিখ্যাত ছবিগুলোই সামনে আসে। কিন্তু প্রয়াত রঘু রাইয়ের ক্ষেত্রে ছবির বাইরেও রয়েছে দীর্ঘ এক পথচলা। মানুষ, সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও সময়কে দেখার নিজস্ব এক দৃষ্টিভঙ্গি রয়েছে তাঁর। পাঠশালার শিক্ষার্থীদের এই আয়োজন তাই নিছক আলোকচিত্র প্রদর্শনী নয়। রঘু রাইয়ের কাজ কীভাবে দেখা যায়, কীভাবে পড়া যায় এবং তাঁর ছবির পেছনের চিন্তাকে কীভাবে বোঝা যায়– সেই অনুসন্ধানও।
মূলত আলোকচিত্রের ইতিহাসে রঘু রাই একটি সুপরিচিত নাম। তবু সময়ের সঙ্গে পরিচিত ছবিও কখনও কখনও নতুন অর্থ পায়, যদি তাকে দেখার চোখটি বদলে যায়। ‘রঘু রাই পুনঃশিক্ষা’ সেই বদলে যাওয়া চোখেরই একটি অনুশীলন। সেখানে পুরোনো ছবির সামনে দাঁড়িয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা শুধু জানতে চাচ্ছে না ছবিটি কী বলে। তারা প্রদর্শনী ঘুরে প্রশ্ন করছে– ছবিটি এতদিন কীভাবে দেখা হয়েছে এবং আর কীভাবে দেখা সম্ভব?
আয়োজনে প্রদর্শিত হচ্ছে রঘু রাইয়ের ২২টি আলোকচিত্র। এর পাশাপাশি অন্য আলোকচিত্রীদের ২৭টি ছবি রাখা হয়েছে। ফলে রঘু রাইয়ের কাজকে একা দেখার বদলে বৃহত্তর আলোকচিত্র চর্চার পরিসরের মধ্যেও দেখার সুযোগ তৈরি হয়েছে। ছবি ও জ্ঞানভিত্তিক উপকরণে সহযোগিতা করছে রঘু রাই ফাউন্ডেশন। প্রদর্শনীর অংশ হিসেবে থাকছে একটি প্রামাণ্যচিত্র এবং ১৭টি বইয়ের সংগ্রহ। প্রতিদিন সাতটি বই দর্শনার্থীদের দেখার জন্য রাখা হবে।
আয়োজনের পরবর্তী পর্বে আজ শুক্রবার বিকেল ৩টায় হবে গ্যালারি ভ্রমণ ও আলোচনা ‘রঘু রাই পুনঃশিক্ষা: দেখা ও পড়া’।
আগামীকাল শনিবার বিকেল ৫টায় মীর তাজ স্কয়ারে দেখানো হবে অবনী রায়ের চলচ্চিত্র ‘রঘু রাই, একটি ফ্রেমবিহীন প্রতিকৃতি’। আগামী রোববার সন্ধ্যা ৬টায় অবনী রায়ের সঙ্গে ‘কথোপকথন’ পর্বটি পাঠশালার ফেসবুক ও ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করা হবে। রোববার পর্যন্ত বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত।
- বিষয় :
- প্রদর্শনী
- আলোকচিত্র
- আলোকচিত্র প্রদর্শনী