হৃদরোগের চিকিৎসায় জ্ঞান-অভিজ্ঞতা বিনিময়ে ঢাকায় বৈজ্ঞানিক সম্মেলন
হৃদরোগীদের চিকিৎসার মান উন্নয়নে ঢাকায় দিনব্যাপী একাডেমিক বৈজ্ঞানিক সম্মেলন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ১৩:১০
বাংলাদেশে ইন্টারভেনশনাল কার্ডিওলজির জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং হৃদরোগীদের চিকিৎসাসেবার মান উন্নয়নে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী একাডেমিক বৈজ্ঞানিক সম্মেলন। শুক্রবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিকস (বিআইটি) এ সম্মেলনের আয়োজন করে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত চলা সম্মেলনটি ছিল সম্পূর্ণ পেপারলেস।
এতে বাংলাদেশের শীর্ষস্থানীয় হৃদরোগ বিশেষজ্ঞদের পাশাপাশি জাপান, ভারত, নেপাল, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশ নেন। সম্মেলনে হার্ট অ্যাটাকের জরুরি ইন্টারভেনশনাল চিকিৎসা, প্রাইমারি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন (পিসিআই) এবং সমসাময়িক ইন্টারভেনশনাল কার্ডিওলজির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জটিল হৃদরোগীদের চিকিৎসায় সর্বাধুনিক ও উন্নত পদ্ধতি নিয়েও মতবিনিময় করেন বিশেষজ্ঞরা।
আয়োজকদের মতে, এসব আধুনিক চিকিৎসাপদ্ধতি সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জটিল হৃদরোগীদের ক্ষেত্রে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আরও বাড়বে। একই সঙ্গে দেশের ইন্টারভেনশনাল কার্ডিওলজিতে নতুন চিকিৎসাপদ্ধতি প্রয়োগের সুযোগ তৈরি হবে।
সম্মেলনের প্রোগ্রাম ডিরেক্টর বাংলাদেশের হৃদরোগ বিশেষজ্ঞ ও গবেষক অধ্যাপক ডা. আফজালুর রহমান বলেন, একদিনের এই একাডেমিক সম্মেলন বাংলাদেশি হৃদরোগ বিশেষজ্ঞদের ইন্টারভেনশনাল চিকিৎসার নতুন নতুন দিক আরও কার্যকরভাবে প্রয়োগে সহায়তা করবে। এর মাধ্যমে রোগীসেবায় চিকিৎসকদের আরও বেশি আত্মনিয়োগের সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, জাপান, ভারত, নেপাল, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের হৃদরোগ বিশেষজ্ঞদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বাংলাদেশের হৃদরোগীদের চিকিৎসায় ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি এ ধরনের আন্তর্জাতিক মতবিনিময় ভবিষ্যতে গবেষণার নতুন পথও তৈরি করবে।
বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিকস (বিআইটি) হৃদরোগ চিকিৎসাবিষয়ক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি সহযোগিতামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। সম্মেলনের মাধ্যমে দেশের ইন্টারভেনশনাল কার্ডিওলজির চিকিৎসকদের মধ্যে পারস্পরিক জ্ঞান বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের সঙ্গে পেশাগত যোগাযোগ আরও জোরদার হয়েছে।