সংগ্রাম ও সৃজনের সাত দশক
কবি মোহন রায়হানকে ঘিরে বর্ণাঢ্য আয়োজন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ২২:২৬
কবি মোহন রায়হানের ৭০ বছরপূর্তি উপলক্ষে প্রকাশিত সংবর্ধনা গ্রন্থ ও ‘নির্বাচিত ১০০ কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে। সেই সঙ্গে প্রদর্শিত হয়েছে কবির বিপ্লবী ও বর্ণাঢ্য জীবন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘অগ্নিপথের কবি’। শনিবার বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কবির সাহিত্য, সংস্কৃতি ও সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানান দেশের কবি, লেখক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
‘মোহন রায়হান ৭০ বছর উদযাপন পরিষদ’ আয়োজিত এ অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি, এমপি। একঝাঁক তরুণ সংগীতশিল্পীর পরিবেশনায় উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন।
শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি নূরুল ইসলাম মণি বলেন, ‘তাঁর মতো কবি দেশের প্রয়োজন। তিনি আরও কবিতা লিখবেন এবং দেশের সাহিত্যাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন– এটাই প্রত্যাশা।’ বিশেষ অতিথি কবি মতিন বৈরাগী বলেন, ‘মোহন রায়হান কখনও ক্ষমতালোভী ছিলেন না।’ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘কবি মোহন রায়হান সমাজ বিনির্মাণের কাজে নিরন্তর ভূমিকা রেখে চলেছেন।’
অনুষ্ঠানের সভাপতি ও ‘মোহন রায়হান ৭০ বছর উদযাপন পরিষদ’ উদ্যোগের আহ্বায়ক এবং লেখক ও গবেষক ড. সলিমুল্লাহ খান বলেন, ‘মোহন রায়হানের সৃজন ও সংগ্রামের মূল্যায়ন এবং নতুন প্রজন্মের কাছে তাঁর জীবনাদর্শ ও সাহিত্যকর্ম পৌঁছে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।’ আলোচনায় বক্তারা আরও বলেন, ‘স্বৈরাচার, সামরিক শাসন, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে তাঁর অবস্থান ছিল আপসহীন। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ প্রতিষ্ঠার সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ সম্পৃক্ততা রয়েছে।’
জাতীয় কবিতা পরিষদে দুবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মোহন রায়হান বর্তমানে এই সংগঠনের সভাপতি। ২০২৫ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। তাঁর সাত দশকের এই পথচলাকে স্মরণীয় করে রাখতে অনুষ্ঠানে ছিল ফুলেল শুভেচ্ছা ও আবৃত্তি। কবির কবিতা অবলম্বনে পরিবেশিত হয় বিশেষ কাব্য-নৃত্যনাট্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আবু সাঈদ খান এবং আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদ।
- বিষয় :
- প্রামাণ্যচিত্র
- কবি
- কবিতা