ঢাকায় কয়েকটি দূতাবাসে ই-মেইলে হুমকি, তদন্ত চলছে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ১১:৫৭ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ | ২০:৩৭
ঢাকায় অবস্থিত কয়েকটি বিদেশি দূতাবাসে ই-মেইল পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কর্মকর্তাদের সঙ্গে দূতাবাসগুলোর প্রতিনিধিদের বৈঠক হয়েছে।
সিটিটিসির এক কর্মকর্তা সমকালকে বলেন, বৃহস্পতিবার দূতাবাসের সঙ্গে কথা হয়েছে। ই-মেইলে যে বার্তা দেওয়া হয়েছে, তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হক সমকালকে বলেন, ঘটনা জানার পর আমাদের অফিসার দূতাবাসগুলো পরিদর্শন করেছেন। তদন্ত কার্যক্রম চলছে।
সূত্র জানায়, গত সপ্তাহের শেষ দিকে একই ধরনের ই-মেইল পাঠিয়ে বাংলাদেশে অবস্থিত একাধিক দূতাবাসে হুমকি দেওয়া হয়। কোনো গোষ্ঠী আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এসব ই-মেইল পাঠিয়েছে বলে ধারণা পুলিশের। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ করেনি।
গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, হুমকির বিষয়ে তার থানায় কোন দূতাবাস থেকে অভিযোগ করা হয়নি।